লন্ডন, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পার্ক, খেলার মাঠ এবং সবুজ বন ধনী ও দরিদ্রের মধ্যে স্বাস্থ্যের তফাৎ কমায়। তাই বিভিন্ন দেশের সরকারের উচিত সবুজায়নের জন্য বিনিয়োগ বাড়ানো। ব্রিটিশ গবেষকরা শুক্রবার একথা বলেন।
এ গবেষণার প্রধান বিশেষজ্ঞ রিচার্ড মিচেল বলেন, সবুজ এলাকার কাছে বাস করার সঙ্গে স্বাস্থ্যের উন্নতির যোগসূত্র আগের গবেষণাগুলোতেও ধরা পড়েছে। কিন্তু স্বাস্থ্যের ওপর সবুজের কিছু কিছু প্রভাব প্রচলিত ধারণার চেয়ে অনেক বেশি।
মেডিকেল সাময়িকী 'ল্যানসেট'-এ প্রকাশিত গবেষণার ফলে এমনটিই দেখা গেছে।
টেলিফোন সাক্ষাৎকারে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষক মিচেল আরও বলেন, "সবুজের কারণে স্বাস্থ্যের যে এতটা পার্থক্য হতে পারে তা সত্যিই অবাক হওয়ার মতো। এতটা প্রভাব আমি সত্যিই আশা করিনি।"
এই গবেষণার ফল বলছে, ধনী-দরিদ্রের স্বাস্থ্য বৈষম্য কমাতে সরকার সবুজ এলাকাগুলোকে কাজে লাগাতে পারে।
গবেষক দলটি পার্ক, বন ও সবুজ প্রান্তরের বিষয়টি বিবেচনায় নিয়ে ইংল্যান্ডকে পাঁচভাগে ভাগ করেছে। এরপর সেখানকার ধনী ও গরিবদের মধ্যে মৃত্যুর হারের তুলনা করে এ সিদ্ধান্তে পৌঁছেছে।
মিচেল বলেন, পার্ক বা খোলা মাঠে মানুষ বিষন্নতা কাটিয়ে ওঠা, ব্যায়াম, খেলাধূলা বা এ ধরনের আরও নানারকম শারিরীক কসরতের সুযোগ পেলে তা অবশ্যই জনস্বাস্থ্যের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। এতে করে হৃদরোগের ঝুঁকি কমবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসকে/২৩৫৬ঘ.
bdnews24