ওয়াশিংটন, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে মঙ্গলবারের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পাশাপাশি কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের অবস্থান আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। এর ফলে প্রেসিডেন্ট হিসেবে ওবামার সামনে যে সমস্ত চ্যালেঞ্জ অপেক্ষা করছে কংগ্রেসের সহায়তায় তা মোকাবেলা করা অনেকটা সহজ হবে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদের সবকয়টি এবং সিনেটের ১০০ আসনের ৩৫টিতে নির্বাচন হয়েছে।
নির্বাচনের আগেও সিনেট ও প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা ছিল। ১০০ আসনের সিনেটে রিপাবলিকানদের ৪৯ আসনের বিপরীতে ৫১টি আসন ধরে রেখে সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছিল ডেমোক্র্যাটরা। আর নির্বাচনের পর সেই ব্যবধানটা এখন বেড়ে দাঁড়িয়েছে ৫৬-৪০। স্থানীয় সময় বুধবার সকাল পর্যন্ত কয়েকটি আসনে ফলাফল ঘোষণা করা বাকি ছিল।
ডেমোক্র্যাটরা আশা করছে, সিনেটে বিল পাশের ক্ষেত্রে প্রয়োজনীয় ৬০টি আসনের সংখ্যাগরিষ্ঠতা তারা পেয়ে যাবে। আর তা হলে, সিনেটে ডেমোক্র্যাটদের কোনো সিদ্ধান্ত রিপাবলিকানরা আটকে দিতে পারবে না।
অন্যদিকে, প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮ টি আসন। মঙ্গলবারের নির্বাচনের আগে সেখানে ডেমোক্র্যাটদের ছিল ২৩৫টি এবং রিপাবলিকানদের ১৯৯টি আসন। নির্বাচনের পর দুই দলের মধ্যে ব্যবধান আরও বেড়েছে। এ পর্যন্ত ঘোষিত ফলে ডেমোক্র্যাটরা পেয়েছে ২৫১টি। আর তাদের বিপরীতে রিপাবলিকানরা জিতেছে ১৭৩টিতে। অর্থাৎ প্রতিনিধি পরিষদেও ডেমোক্র্যাটদের অবস্থান আরও শক্তিশালী হল।
এখন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট ওবামা আগামী জানুয়ারিতে কংগ্রেসের নতুন অধিবেশনে নির্বাচনী প্রচারণায় তাদের অঙ্গীকারগুলো সহজেই পাশ করিয়ে নিতে পারবেন।
ভোটারদের কাছে তাদের প্রতিশ্র"তির তালিকাটিও ছোট নয়। ইরাক থেকে সেনা প্রত্যাহার, ধনীদের ওপর থেকে বুশের কর কমানোর কর্মসূচি থেকে সরে এসে উল্টো কর বাড়ানো এবং তীব্র অর্থনৈতিক সঙ্কট থেকে উত্তরণের জন্য নানা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ডেমোক্র্যাটরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসকে/২২০৬ ঘ.
bdnews24