২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার জয়ে কেনিয়া, ইন্দোনেশিয়ায় উল্লাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার জয়ে আনন্দের ঢেউ খেলে গেছে তার দেশের বাড়ি কেনিয়ায়। নেচে গেয়ে উল্লাস করেছে কেনিয়াবাসী। তাদেরই কেউ একজনকে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হতে দেখে তারা আনন্দিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2008, 01:52 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার জয়ে আনন্দের ঢেউ খেলে গেছে তার দেশের বাড়ি কেনিয়ায়। নেচে গেয়ে উল্লাস করেছে কেনিয়াবাসী। তাদেরই কেউ একজনকে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হতে দেখে তারা আনন্দিত। ওবামার জয়ের খবর আসার সঙ্গে সঙ্গেই 'আমরা হোয়াইট হাউজে যাচ্ছি', 'আমরা হোয়াইট হাউজে যাচ্ছি' বলে আনন্দে চীৎকার করে ওঠে কেনিয়ায় ওবামার আত্মীয়-স্বজনরা। একে অপরকে জড়িয়ে ধরে নেচে গেয়ে তারা উল্লাস করে। কোগেলোর ছোট্ট গ্রামে ওবামার দাদীর বাড়িতে বন্ধুবান্ধব, শুভাকাঙ্খীসহ স্থানীয় ও বিদেশি সাংবাদিকদের ভিড় জমে যায়। কেনিয়ার মতো আনন্দ উল্লাস হয়েছে ইন্দোনেশিয়াতেও। যেখানে কেটেছে ওবামার শৈশব। জাকার্তায় ওবামার ছোটবেলার সহপাঠী দেবী আসমারার উক্তি, "অবশ্যই আমরা খুশি এবং গর্বিত। অনেক দীর্ঘপ্রচারণা শেষে সে অবশেষে জয় পেয়েছে।" জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ৪৪ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ওবামা। তার মা ইন্দোনেশিয়ার লোলো সোয়েতোরোকে বিয়ে করার পর ৪ বছর ওবামা ইন্দোনেশিয়ায় ছিলেন। ছয় বছর বয়সে ওবামা ইন্দোনেশিয়ায় যান। সেখানে একটি ক্যাথলিক স্কুলে পড়াশুনা করেছেন তিনি। আসমারা বলেন, আমাদের সঙ্গে ওবামার বিশেষ বন্ধন থাকার কারণেই তার জয় এখানে একটি আবেগের ব্যাপার। ওবামার জয় ইন্দোনেশিয়ার জন্য এমনকি বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য ভালো হবে বলে মনে করছেন অনেকে। কেনিয়া ও ইন্দেনেশিয়ার পাশাপাশি আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতও ওবামার জয়কে নতুন আশা এবং কল্যাণের দৃষ্টিতে দেখছে। ওবামার জয়ে আফগানিস্তান তালেবান বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল এবং আরও বেশি মনোযোগ আশা করছে। আফগানিস্তানের প্রসিডেন্ট হামিদ কারজাই ওবামার জয় আফগানিস্তানে শান্তি বয়ে আনবে বলে আমাপ্রকাশ করেন। ওবামার জয়ে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের খবরদারি বমার আশা করছে পাকিস্তান। ওদিকে, তার জয়ে শুধু মার্কিনরাই নয় গোটা বিশ্বই অনুপ্রাণিত হবে বলে মনে করছে ভারত। ওবামার প্রশংসা করে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যাণ্ডেলা তাকে বিশ্বব্যাপী দারিদ্র ও রোগবালাইয়ের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। ওবামা এই লড়াইকেই তার প্রেসিডেন্সির বিশেষ দায়িত্ব হিসাবে নেবেন বলে ম্যাণ্ডেলা আশা প্রকাশ করেন। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪০ ঘ.