ওয়াশিংটন, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পরাজয় মেনে নিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছেন এবং আমেরিকার জনগণকে ওবামার পেছনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রিপাবলিকান পার্টির জন ম্যাককেইন। আর জয়মুকুট মাথায় নিয়েও পরাজিত প্রার্থী ম্যাককেইনকে 'সাহসী ও আত্মত্যাগী নেতা' হিসেবে অভিহিত করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ওবামা। ওদিকে, বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও তার উত্তরসূরী নির্বাচিত ওবামাকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন।
৪৭ বছর বয়সী ওবামা যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়ার পর স্থানীয় সময় মঙ্গলবারই ম্যাককেইন তাকে অভিনন্দন জানিয়ে বলেন, আমেরিকার জনগণ রায় দিয়েছে।
টেলিফোনে ওবামার সঙ্গে কথা বলার পর ফিনিক্সে এক সমাবেশে ম্যাককেইন আমেরিকার জনগণকে ওবামার পেছনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমেরিকানরা যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেগুলো জয়ে ওবামাকে সহায়তা করার পরিকল্পনা করছেন তিনি। ম্যাককেইন বলেন, "আমাদের অবশ্যই একত্রে কাজ করতে হবে।"
৭২ বছর বয়সী ম্যাককেইন বলেন, "আমাদের যত মতপার্থক্যই থাকুক না কেন, আমরা সবাই আমেরিকান, আপনারা আমাকে বিশ্বাস করবেন যে অন্য কোনো পরিচয়ই আমার কাছে বড় নয়।"
পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, "আজ রাতে কিছুটা বিষাদগ্রস্ত হওয়া স্বাভাবিক কিন্তু আগামীকাল সকালে যেন আমরা সেটা কাটিয়ে উঠতে পারি।"
এসময় রানিং মেট সারাহ পেলিনকে রিপাবলিকান দলের একটি সম্ভাবনাময় নতুন মুখ হিসেবেও উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় উত্তরসূরী বারাক ওবামাকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, খুব শিগগিরই বারাক ওবামা এবং তার পরিবারকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাবেন বুশ।
হোয়াইট হাউস মুখপাত্র ডানা পেরিনো জানান, টেলিফোনে বুশ ওবামাকে বলেছেন, "আপনি জীবনের সবচেয়ে বড় এক অভিযাত্রা শুরু করতে যাচ্ছেন। আপানাকে অভিনন্দন। জয়ের আনন্দ উপভোগ করুন।"
সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী ওবামা নিজের পক্ষে মোট ৩৪৯টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন এবং প্রতিপক্ষ জন ম্যাককেইন পেয়েছেন ১৬৩ টি ইলেক্টোরাল ভোট।
আমেরিকার ইতিহাসে এ অবিস্মরণীয় বিজয়ের পর ওবামা নিজের পরিবার এবং রানিং মেট জো বাইডেনকে সঙ্গে নিয়ে শিকাগোর গ্র্যান্ড পার্কের এক সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার উল্লসিত সমর্থকের উদ্দেশ্যে পরাজিত প্রার্থী ম্যাককেইন সম্পর্কে বলেন, "তিনি সাহসী এবং আত্মত্যাগী নেতা।"
পরাজয় মেনে নিয়ে তাকে অভিনন্দন জানাতে প্রতিপক্ষ ম্যাককেইনের টেলিফোন করার খবর জানাতে গিয়ে ওবামা বলেন, তিনি তার কাছ থেকে একটা "বিশেষ এবং অত্যন্ত উষ্ণ" টেলিফোন পেয়েছেন।
নির্বাচনী রায়ের পর দুই প্রতিপক্ষের এই জয়-পরাজয় মেনে নেওয়ার এবং পরষ্পরকে অভিনন্দিত করার সৌজন্য প্রচারাভিযানের সময়টাতে দুই শিবিরের তিক্ত কাদা ছোঁড়াছুঁিড় আর আক্রমণাত্মক ও পাল্টাপাল্টি বক্তব্যের রাজনৈতিক উত্তেজনাকে মানুষের মন থেকে যেন অনেকটাই দূর করে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৬৩০ ঘ.
bdnews24