জাকার্তা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- বালি বোমা হামলাকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের বিরুদ্ধে মঙ্গলবার একটি ওয়েবসাইটে হুমকি পেয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ। মৃত্যুদণ্ড কার্যকর হলে প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনোকে হত্যা করা ছাড়াও যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
'ডব্লিউডব্লিউ ডট ফজনাওয়ারাবিলকাকবাহ ডটকম' ওয়েবসাইটে পাঠানো একটি চিঠিতে পাওয়া এই হুমকি ৩ বালি বোমারুর কাছ থেকে এসেছে সন্দেহে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
এর আগে পুলিশ জানায়, তারা তিন বোমারুর মৃত্যুদণ্ড কার্যকর হলে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া দূতাবাস উড়িয়ে দেওয়ার বার্তা পেয়েছে। কিন্তু এর পেছনে কারা জড়িত তা জানা নেই বলে জানান, জাতীয় পুলিশের মুখপাত্র আবুবকর নাতাপ্রাওইরা।
হুমকি সম্বলিত চিঠিটিতে দৃশ্যত তিন বালি বোমারু ইমাম সমুদ্র, মুখলেস এবং আমরোজির সই রয়েছে এবং এটি ইন্দোনেশিয়, ইংরেজী ও আরবী ভাষায় লেখা হয়েছে। কিন্তু পুলিশ বলেছে, ৩ বোমারু এই হুমকি দিতে পারে না। কারণ, তাদেরকে এখন সর্বোচ্চ নিরাপত্তাধীনে নুসাকামবানগান দ্বীপের জেলে আটক রাখা হয়েছে।
২০০২ সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের দুটি নাইট ক্লাবে বোমা হামলা চালানোর অভিযোগ স্বীকার করার পর ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী দল জামেয়াহ ইসলামিয়াহ'র সদস্য ইমাম সমুদ্র (৩৮), মুখলাস (৪৮) এবং আমরোজি (৪৬) কে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
সোমবার মৃত্যুদণ্ড প্রাপ্তদের আত্মীয়দের পক্ষ থেকে শাস্তি পুনর্বিবেচনার জন্য আদালতে আপিল করা হয়। কিন্তু এতে শাস্তি পিছাবে না বলে স্পষ্ট জানিয়েছেন আদালতের মুখপাত্র জোকো সারোওকো।
বোমারুদের মৃত্যুদণ্ডের শাস্তি পুনর্বিবেচনার জন্য এর আগেও একাধিকবার সর্বোচ্চ আদালতসহ সাংবিধানিক আদালতে আপিল করা হয়েছে। কিন্তু সেগুলোও নাকচ হয়ে গেছে। ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করা অমানবিক - আসামি পক্ষের এমন একটি আর্জিও খারিজ করে দেয় ইন্দোনেশিয়ার সাংবিধানিক আদালত।
শনিবার দেশটির অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে জানানো হয়, "খুব শিগগিরই" এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
নতুন করে রায় পুনর্বিবেচনার জন্য আবেদন জানানোর বিষয়ে দণ্ডিতদের আইনজীবী ফাহমি বাশমিদ বলেন, "আমরা আগের সিদ্ধান্তগুলোর বিষয়ে প্রশ্ন করার জন্য ডেনপাসার আদালতে বিচারিক পুনর্বিবেচনার আবেদন করেছি।"
আপিল দাখিলকারী এ আইনজীবী আরও জানান, আমরোজি এবং মুখলাসের ভাই জাফর সাদিক সোমবার আপিল করেন। কিন্তু জোকো এ থেকে কোনও ফল পাওয়ার সম্ভাবনা নাকচ করেছেন।
২০০৩ সালেই ওই তিন বোমারুকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হলেও নানা আইনি জটিলতা এবং রাজনৈতিক কারণে তা এখনও কার্যকর করা যায়নি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মুসলিম চরমপন্থী সংগঠন জামেয়া ইসলামিয়াহ'র এই তিন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকরকে ঘিরে অবকাশ কেন্দ্র বালি দ্বীপসহ ইন্দোনেশিয়ার বিভিন্ন স্থানে বিশেষ করে কারাগার ও তার আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫২ ঘ.
bdnews24