নিউ হ্যাম্পশায়ার, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ভোট নেওয়া হয়েছে নিউ হ্যাম্পশায়ারের দুটি ছোট শহরে। সোমবার রাত ১২টার পরে নেওয়া ওই ভোটের ফলাফলও জানিয়ে দেওয়া হয়েছে। দুটিতেই জিতেছেন ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা।
প্রথা অনুযায়ী গত ৬০ বছর ধরে ডিক্সভিল নচ নামের শহরটিতে সারাদেশের মধ্যে প্রথম ভোট গ্রহণ শুরু হয়। এবার এখানে ভোটার সংখ্যা ছিল ২১ জন। সবাই ভোট দিয়েছেন।
২১ জনের মধ্যে ওবামাকে ভোট দিয়েছেন ১৫ জন এবং জন ম্যাককেইনকে ৬ জন। ২০০৪ সালে পুনর্র্নিবাচিত হওয়ার সময় এখানে জিতেছিলেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ১৯৬৮ সালের পর ছোট্ট এই শহরটিতে এবারই প্রথম জিতল ডেমোক্র্যাটরা।
নিউ হ্যাম্পশায়ারের আরও একটি ছোট শহর হার্টস লোকেশনেও ঐতিহ্য মেনে একই সময়ে ভোট নেওয়া হয়েছে। এখানেও ওবামা প্রতিদ্বন্দ্বী ম্যাককেইনকে সাত ভোটে হারিয়েছেন। মোট ২৭ ভোটের মধ্যে ওবামা পেয়েছেন ১৭ এবং ম্যাককেইন ১০ ভোট।
যুক্তরাষ্ট্রের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে বেশি প্রচারণা ব্যয়ের এবারের নির্বাচনে স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে সারাদেশে ভোট গ্রহণ শুরু হবে।
দীর্ঘ প্রচারণা শেষে দুই প্রার্থীই ভোট দিতে এখন নিজেদের রাজ্যে ফিরেছেন। ওবামা আছেন ইলিনয়ে এবং ম্যাককেইন অ্যারিজোনাতে।
নির্বাচন শুরু হওয়ার আগের দিন পর্যন্ত জনমত জরিপে এগিয়ে আছেন ওবাম। জিতলে ইতিহাস সৃষ্টি করে তিনি হবেন দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। তবে জনমত জরিপ ভুল প্রমাণিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন- ম্যাককেইন এমন জোরালো আশাবাদ প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮৩০ ঘ.
bdnews24