ওয়াশিংটন, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ৪ নভেম্বর ২০০৮ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের 'ইলেকশন ডে' বা ভোটগ্রহণের দিন হলেও চূড়ান্ত বিচারে কোন প্রার্থী প্রেসিডেন্ট হচ্ছেন তা নির্ধারিত হবে আগামী ১৫ ডিসেম্বর 'ইলেক্টোরাল কলেজ' এর বৈঠকে বিভিন্ন রাজ্যের 'ইলেক্টর' বা নির্বাচকদের ভোটে। পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যেই এই সাংবিধানিক নিয়ম মেনে চলা হয়। এ পদ্ধতিতে কোনও প্রার্থী সারা দেশে জনগণের প্রত্যক্ষ সমর্থন পেলেও প্রয়োজনীয় ইলেক্টোরাল ভোট না পেলে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না।
কারা কীভাবে 'নির্বাচক' হন?
বিভিন্ন রাজ্যে দলগুলোর রাজ্য শাখার মনোনীত প্রতিনিধিরাই ওই রাজ্যের 'নির্বাচক' হিসেবে ইলেক্টোরাল কলেজের সদস্য হন। সাধারণত নির্বাচনের আগের মাসগুলোতেই এই মনোনয়ন চূড়ান্ত হয়ে থাকে। সংবিধান অনুযায়ী প্রত্যেক রাজ্য সেখানকার 'নির্বাচক'-দের মনোনয়ন দিতে কিংবা বেছে নিতে পারে। কোথাও কোথাও অন্যান্য প্রার্থীর মতোই এ 'নির্বাচক'রাও প্রাইমারি বা দলীয় ককাসে নির্বাচিত হন। ওকলাহোমা, ভার্জিনিয়া এবং নর্থ ক্যারোলাইনার মতো কোনো কোনো রাজ্যে দলীয় কনভেনশনের মাধ্যমে এই নির্বাচন হয়ে থাকে। আর পেনসিলভানিয়ায় দলীয় প্রচার শিবিরের কমিটি স্থানীয় নির্বাচকদের নাম ঘোষণা করে থাকে।
'নির্বাচক'দের সংখ্যা কত?
বিভিন্ন রাজ্যে নির্বাচকদের সংখ্যা নির্ধারিত হয় কংগ্রেসে সেখানকার 'সিনেটর' এবং 'হাউস অফ রিপ্রেজেনটেটিভস' বা 'প্রতিনিধি পরিষদ সদস্য' সংখ্যার অনুপাতে। রাজ্যে 'নির্বাচক' এর মোট সংখ্যা হবে 'সিনেটর' এবং 'প্রতিনিধি পরিষদ সদস্য' এর সমসংখ্যক। এ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে 'নির্বাচক' এর সংখ্যা (৪৩৫ জন 'প্রতিনিধি পরিষদ সদস্য' ১০০ সিনেটর ওয়াশিংটন ডি.সি'র জন্য সংরক্ষিত ৩ জন নির্বাচক) মোট ৫৩৮ জন।
অন্যান্য রাজ্যের মতো 'সিনেটর' এবং 'প্রতিনিধি পরিষদ সদস্য' না থাকলেও ওয়াশিংটন ডি.সি-র জন্য ৩ জন 'নির্বাচক' রাখার বিধান করা হয়েছে। সংবিধানের ২৩তম সংশোধনী অনুসারে দেশের সবচেয়ে ছোট রাজ্যের 'নির্বাচক' সংখ্যার সমসংখ্যক 'নির্বাচক' রাখার বিধান করা হয়েছে এই রাজধানী জেলার জন্য।
সবচেয়ে বেশি নির্বাচক সংখ্যার ৬ টি রাজ্য:
নির্বাচক সংখ্যার বিচারে সবচেয়ে বড় রাজ্য ক্যালিফোর্নিয়া (৫৫)। এরপর ক্রমানুসারে বাকী ছয়টি রাজ্য হল টেক্সাস (৩৪), নিউ ইয়র্ক (৩১), ফ্লোরিডা (২৭), ইলিনয় (২১), পেনসিলভানিয়া (২১)।
সবচেয়ে কম নির্বাচক সংখ্যার ৭ টি রাজ্য:
আলাস্কা, ডেলাওয়ার, মন্টানা, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, ভারমন্ট এবং ওয়াইওমিং রাজ্য ৭ টির নির্বাচক সংখ্যা সবচেয়ে কম। এ রাজ্যগুলোর প্রতিটির জন্য রয়েছেন মাত্র ৩ জন 'নির্বাচক'।
কতজন নির্বাচকের সমর্থন পেলে প্রেসিডেন্ট নির্বাচিত হয়?
প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য ইলেক্টোরাল কলেজের কমপক্ষে ২৭০ জন সদস্য বা নির্বাচকের ভোট বা সমর্থন প্রয়োজন হয়। তবে মনোনয়ন পাওয়ার সময় এসব নির্বাচকরা কোনো একজন প্রার্থীকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করলেও ওই নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিতে আইনগতভাবে বাধ্য নন। অতীতের অনেক নির্বাচনে নির্বাচকদের সমর্থন পাল্টানোর দৃষ্টান্ত আছে।
একটি রাজ্যের জয়ী প্রার্থী কী রাজ্যের সব নির্বাচকের ভোট পাবেন?
বর্তমানে বিভিন্নরাজ্যের গৃহীত নিয়ম অনুসারে ৪৮টি রাজ্য এবং ওয়াশিংটন ডি.সি'তে বেশিরভাগ ভোটারের সমর্থনে বিজয়ী প্রার্থীই সেই রাজ্যের সব নির্বাচকদের সমর্থন পেয়ে যাবেন। তবে মেইন এবং নেব্রাস্কা রাজ্য দুটিতে এই পদ্ধতি ভিন্ন।
তাহলে নির্বাচনের দিন ভোটাররা কাকে ভোট দিচ্ছেন?
সাধারণ মানুষদের অনেকেই এটা ভাবতে পারেন যে, নির্বাচনের দিন (৪ নভেম্বর) তারা তাদে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। কিন্তু আসলে তারা ভোট দিচ্ছেন তাদের প্রার্থীর বা দলের নির্বাচক-কে। নির্বাচকদের নির্বাচনের জন্য প্রত্যেক রাজ্য তার আইনসভার সিদ্ধান্ত অনুযায়ী পদ্ধতি বেছে নিতে পারে। তবে বর্তমানে সব রাজ্যই কেন্দ্রীয় আইন অনুসারে জনগণের প্রত্যক্ষ ভোটের নির্ধারিত দিনকেই এজন্য বেছে নিয়েছে। এদিনে বিভিন্ন প্রার্থী বা দলের মনোনীত নির্বাচকরা জনগণের ভোটে নির্বাচিত হন।
১৫ ডিসেম্বরের ইলেক্টোরাল কলেজ বৈঠক:
৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের দিনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত 'নির্বাচক' বা 'ইলেক্টোরাল কলেজ সদস্য'রা আগামী ১৫ ডিসেম্বর যার যার রাজ্যের রাজধানীতে মিলিত হয়ে দুটি আলাদা ব্যালটে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে ভোট দেবেন। আসলে সেদিনই চূড়ান্তভাবে নির্ধারিত হবে কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৭৩৫ ঘ.
bdnews24