চিত্রাল, পাকিস্তান, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহৃত হয়েছেন আফগান সরকারের এক উপদেষ্টা।
আফগাস্তিানের পল্লী উন্নয়ন ও পুনর্বাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা আখতার কোহিস্তানিকে রোববার রাতে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চিত্রাল জেলার সিরডর কাদাক গ্রাম থেকে অপহরণ করা হয়। পুলিশ এ তথ্য জানিয়েছে।
কয়েক সপ্তাহের মধ্যে এ নিয়ে আফগানিস্তানের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পাকিস্তানে অপহরণ করা হলো।
চিত্রালের পুলিশ প্রধান শের আকবর খান বলেন, "অজ্ঞাত বন্দুকধারীরা গ্রামটিতে আখতার কোহিস্তানির শ্বশুরপক্ষের এক আত্মীয়ের বাড়িতে ঢুকে তাকে নিয়ে যায়। অপহরণকারীদের উদ্দেশ্য জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।"
চিত্রাল আফগানিস্তানে তালেবান বিদ্রোহীদের সক্রিয় এলাকা- কুনার ও নুরিস্তান প্রদেশের সীমান্তে অবস্থিত।
গত সপ্তাহে বন্দুকধারীরা পাকিস্তানের পেশোয়ার শহর থেকে আফগান অর্থমন্ত্রী আনোয়ার উল-হক আহেদির এক ভাইকে অপহরণ করে। এর আগে ২২ সেপ্টেম্বর অপহৃত হন পাকিস্তানে আফগান রাষ্ট্রদূত আবুল খালেক ফারাহি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫২০ ঘ.
bdnews24