নিউ ইয়র্ক/বেইজিং, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্বের সঙ্কটাপন্ন অর্থনীতির দেশগুলোকে সহায়তা করার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ'কে আরও বিলিয়ন বিলিয়ন ডলারের তহবিল যোগানোর আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। এজন্য এশিয়ার চীন ও মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সম্মেলনে বক্তৃতা করার সময় রোববার ব্রাউন বলেন," আমরা যদি আর্থিক সঙ্কট ছড়িয়ে পড়া রোধ করতে চাই তাহলে আমাদের আরও ভাল একটা বৈশ্বিক বীমা নীতি দরকার যাতে সঙ্কটে পড়া অর্থনীতিগুলোকে সহায়তা করা যায়।"
সম্মেলনে ব্রাউন বলেন, সঙ্কটে পড়া অর্থনীতিগুলোকে ধ্বসের কবল থেকে রক্ষা করতে আইএমএফ যাতে ঋণ দিতে পারে সেজন্য সংস্থাটিকে আরও তহবিল যোগানোর জন্য এখন এগিয়ে আসতে পারে চীন এবং তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলো।
অন্যদিকে, চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বলেছেন, "চলমান আন্তর্জাতিক আর্থিক সঙ্কটের মধ্যে আমাদেরকে দেশের স্থিতিশীল এবং তুলনামূলকভাবে গতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখার জন্য আরও বেশি অগ্রাধিকার দিতে হবে।"
চীনের কমিউনিস্ট পার্টির আদর্শিক মুখপত্র 'সিকিং ট্রুথ'-এ এক নিবন্ধে ওয়েন জিয়াবাও একথা লেখেন।
ওদিকে, শানবার মুম্বাই থেকে মস্কো এবং বার্লিনে বিশ্ব নেতারা যার যার অর্থনীতি জোরদার করতে আরও নতুন নতুন পদক্ষেপ নিয়েছেন। ভারত দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমিয়েছে। রাশিয়া কেন্দ্রীয় ব্যাংককে আরও ১৭০ বিলিয়ন রুবল তহবিল বরাদ্দ করেছে এবং জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যারকেল অর্থনীতি চাঙ্গা করতে একটি "বিশদ বিনিয়োগ প্যাকেজ" গ্রহণের ঘোষণা দিয়েছেন। ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭২০ ঘ.
bdnews24