জাকার্তা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বোমা হামলার ঘটনায় তিন আসামির মৃত্যুদণ্ডের রায় খুব শিগগির কার্যকর হচ্ছে। দেশটির অ্যাটর্নি জেনারেলের দফতর শনিবার একথা জানিয়েছে।
২০০২ সালে বালির একটি নাইটক্লাবে বোমা হামলায় ২০২ জন নিহত হয়। ওই হামলার দায়ে ইমাম সামুদ্রা, মুখলাস ও আমরোজি নামের তিন জনের মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত।
অ্যাটর্নি জেনারেলের মুখপাত্র জাসমান পান্ডজাইতান বলেন, "মৃত্যুদণ্ডের রায় খুব শিগগির কার্যকর হতে যাচ্ছে। কারাগার এলাকার নিরাপত্তা আগের থেকে জোরদার করা হয়েছে। সেখানে বহু পুলিশ মোতায়েন করা হয়েছে।"
মৃত্যুদণ্ড কার্যকরের সময় আসামিদের জানাতে আইনজীবীরা নুসাকাবাঙ্গান দ্বীপে পৌঁছেছেন বলে তিনি জানান। মধ্য জাভার এই দ্বীপটিতেই আসামিরা আটক আছে।
আসামিদের এক আইনজীবী জানিয়েছেন, কারাগারের অন্য বন্দিদের থেকে আসামীদের আলাদা রাখা হয়েছে, এ থেকেই বোঝা যাচ্ছে মৃত্যুদণ্ড খুব শিগগির কার্যকর হতে যাচ্ছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মত্যুদণ্ড কার্যকরের বিষয়টি শুক্রবার কারাগার কর্তপক্ষকে জানানো হয়েছে। ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী রায় কার্যকরের তিন দিন আগে আসামিদের জানানো হয়।
নুসাকাবাঙ্গান এবং তিন আসামির নিজেদের শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া জাকার্তায়ও কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেখানে নিরাপত্তাকর্মীরা গাড়ি থামিয়ে লোকজনকে তল্লাশি করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮২৪ ঘ.
bdnews24