কাবুল. নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী দেশটির পূর্বাঞ্চলে বেশ কয়েকটি অভিযান চালিয়ে এক নারী যোদ্ধাসহ ২৫ জঙ্গিকে হত্যার দাবি করেছে।
মার্কিন সেনাবাহিনী শনিবার জানায়, একটি অভিযান চালানো হয় পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে "আল কায়েদার একজন পরিচিত নেতার" অবস্থান লক্ষ করে। প্রদেশটিতে ওই নেতা বিদেশি যোদ্ধাদের সমন্বয় করত বলে মনে করা হয়। এ অভিযানে ৭ জঙ্গি নিহত হয়েছে। তবে ওই আল কায়েদা নেতা নিহতদের মধ্যে রয়েছে কীনা তা জানায় মার্কিন সেনাবাহিনী।
দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে তালেবানদের শীর্ষ সামরিক কমান্ডার জালালউদ্দিন হাক্কানির যোদ্ধাদের উদ্দেশে চালানো আরও কয়েকটি অভিযানে নিহত হয় কমপক্ষে ১৮ জঙ্গি ।
এসব অভিযানে জোটবাহিনীর পক্ষে হতাহতের কোন তথ্য জানানো হয়নি।
মার্কিন বাহিনীরা দাবি নিরপেক্ষ সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি। তালেবানদেরও কোন বক্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬১৫ ঘ.
bdnews24