অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদার এক নেতা যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল ও বুশের অবমাননাকর অবস্থা কামনা করছেন। ইন্টারনেটে ভিডিওচিত্র প্রকাশের মাধ্যমে আবু ইয়াহিয়া আল লিবি নামের এই নেতা আল্লাহর কাছে দোয়া করেন, "হে আল্লাহ, বুশ ও তার দল অপমানিত হোক, অসম্মানজনকভাবে পতন ঘটুক তাদের।"
তিনি অবশ্য কোন দলের প্রতিই সমর্থন ব্যক্ত করেননি। ঈদ-উল-ফিতর উপলক্ষে তার দেওয়া বক্তব্যটি ইন্টারনেটে প্রকাশ করা হয়েছে। সরাসরি না হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আল কায়েদার কোন শীর্ষ নেতার এটাই প্রথম মন্তব্য।
আল কায়েদার অন্যতম শীর্ষ নেতা লিবি আফগানিস্তান বা পাকিস্তানে অবস্থান করছেন বলে ধারণা করা হয়। ভিডিও-বক্তব্যে তিনি বুশের ওপর আল্লাহর অভিসম্পাত কামনা করে তাকে ইতিহাসের কুখ্যাত স্বৈরশাসকদের সঙ্গে তুলনা করেন।
সন্ত্রাসবাদী গোষ্ঠীর ওয়েবসাইটের ওপর নজর রাখা গোয়েন্দা সংস্থাগুলো বুধবার এক রিপোর্টে বলেছে, আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত ওয়েবসাইটগুলোকে কয়েক মাস ধরেই মার্কিন প্রেসিডেন্টপ্রার্থী বারাক ওবামা ও জন ম্যাককেইনের গুরুত্ব নিয়ে আলোচনা চলে আসছে।
তবে গোয়েন্দারা বলছেন, আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন বা আয়মান আল-জাওয়াহিরি কোন প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন জানাবেন বলে তারা মনে করছেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৪৫ ঘ.
bdnews24