তেহরান, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের দক্ষিণ উপকূলে পারস্য উপসাগরের প্রবেশপথ হরমুজ প্রণালী বরাবর নৌ-ঘাঁটি গড়ছে ইরান। ইরানের এক কমান্ডারের বরাত দিয়ে 'তেহরান টাইমস' এ খবর জানিয়েছে।
পত্রিকাটি এক প্রতিবেদনে বৃহস্পতিবার লিখেছে, 'রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারির জানিয়েছেন, ওমান সাগরের পাশা বন্দর থেকে পাকিস্তান সীমান্তের কাছাকাছি বন্দর আব্বাস পর্যন্ত এই ঘাঁটি স্থাপন করা হচ্ছে।
তবে কবে নাগাদ কাজ শেষ হবে সে সম্পর্কে তিনি কিছু বলেননি।
ইরানের গণমাধ্যম জানিয়েছে, সাইয়ারি চলতি সপ্তাহে ওমান সাগরের 'জাস্ক' এ একটি নৌ-বন্দর উদ্বোধন করেছেন।
দক্ষিণ ইরানে হরমুজগান প্রদেশে সাইয়ারি বলেন, "ওমান সাগরে প্রবেশের ক্ষেত্রে অভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলই নৌ-বাহিনীর নতুন লক্ষ্য।" তেহরান টাইমস একথা জানিয়েছে।
তিনি আরও বলেন, "উন্মাদ শত্র"রা এ এলাকায় ঢোকার চেষ্টা করলে হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরে প্রবেশের আগেই ভারত সাগর ও ওমান সাগরের গভীরে আমরা তাদের ডুবিয়ে মারব।"
ইরান হুমকি দিয়ে রেখেছে, যুক্তরাষ্ট্র তাদের হামলা করলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। এই প্রণালী দিয়েই বিশ্বের জ্বালানি তেলের ৪০ শতাংশ পরিবহন করা হয়। ইরানি কর্মাকর্তারা প্রায়ই বলে থাকেন, যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ করলে সেটা হবে তাদের বোকামি।
পারমাণবিক ইস্যুতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনা দিন দিন বাড়ছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তবে এই অভিযোগ বরাবর অস্বীকার করে এসেছে ইরান। ইরানের দাবি, তাদের পরমাণু প্রকল্পের উদ্দেশ্যে সম্পূর্ণ শান্তিপূর্ণ। জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই তা পরিচালিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০৪২ ঘ.
bdnews24