দামেস্ক, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দামেস্কে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।
সিরিয়া অভিযোগ করেছে, ইরাক সীমান্ত সংলগ্ন এলাকায় গত রোববার মার্কিন সেনারা হেলিকপ্টার গানশিপ দিয়ে হামলা চালায়। এতে চার শিশুসহ কমপক্ষে আটজন বেসামরিক লোক নিহত হয়েছে।
এ হামলাকে 'জঘন্য অপরাধ ও স্পষ্ট আগ্রাসন' অভিহিত করে এর তীব্র নিন্দা জানান সিরীয় কূটনীতিকরা। ওয়াশিংটনের কাছ থেকে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে দামেস্ক। এছাড়া এ ধরনের আরও হামলা হলে ইরাক সীমান্ত এলাকায় নিরাপত্তা প্রচেষ্টায় তারা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা বন্ধ করে দেবে বলেও হুমকি দিয়েছে।
যদিও হামলার অভিযোগ প্রত্যাখ্যান বা স্বীকার কোনোটিই করেনি মার্কিন পররাষ্ট্র দফতর ও হোয়াইট হাউস। তবে পরিচয় প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলার লক্ষ্য ছিল আল-কায়েদা সংশ্লিষ্ট একটি গ্র"পের নেতা। ওই গ্র"পটি বিদেশি যোদ্ধাদের প্রবেশে সহযোগিতা করেছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।
বৃহস্পতিবার বিক্ষোভের সময় দামেস্কে যুক্তরাষ্ট্রের দূতাবাস ঘিরে দাঙ্গা পুলিশ এবং সশস্ত্র প্রহরীরা। তবে নিরাপত্তা হুমকির কারণ দেখিয়ে আগেই দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়।
বিক্ষোভে যোগ দেওয়া হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্র বিরোধী শ্লোগান দেয়। এ সময় তারা 'আমেরিকান সন্ত্রাস রুখো' এবং 'ধংস ও যুদ্ধের মদদদাতা আমেরিকা' লেখা ব্যানার বহন করে।
অনেক সরকারি কর্মকর্তা ও ছাত্র ইউসুফ আল-আজমি স্কয়ারের ওই সমাবেশে যোগ দেয়। তারা সিরিয়ার প্রেসিডেন্টের ছবিও বহন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০১০ ঘ.
bdnews24