ওয়াশিংটন, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে বুধবার ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামার হোয়াইট হাউজে যাওয়ার যথেষ্ট প্রস্তুতি আছে কি-না তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন। অন্যদিকে, ওবামা টেলিভিশন প্রচারণায় অংশ নিয়ে নির্বাচনকে জাতির "নির্ধারণীয় মুহূর্ত" অভিহিত করে ভোটারদের সুবিবেচিত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।
নির্বাচনী-ভাগ্য নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ ফ্লোরিডায় প্রচারণার শুরুতে ম্যাককেইন ভোটারদের সতর্ক করে বলেছেন, ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মীদের জন্য জন্যে ওবামা খুব খারাপ সংবাদ। সংকট সামাল দেওয়ার ক্ষেত্রে ওবামার সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ম্যাককেইন ধনীদের ক্ষেত্রে কর বাড়ানোর ওবামার পরিকল্পনার আবারো সমালোচনা করেন।
তিনি বলেন, "ওবামা সম্পদ পুনর্বণ্টন করতে চাচ্ছেন, আমি চাচ্ছি সম্পদ বাড়াতে; ওবামা চাচ্ছেন সফল লোকজনদের শাস্তি দিতে, আমি চাচ্ছি প্রত্যেককে সফল করে তুলতে।"
ওবামা ঘোষণা দিয়েছেন, যাদের বার্ষিক আয় ২ লাখ ৫০ হাজার ডলারের বেশি তাদের ক্ষেত্রে কর বাড়ানো হবে অন্যদিকে কম ও মধ্যম আয়ের কর্মীদের ক্ষেত্রে কর কমানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭০২ ঘ.
bdnews24