পাকিস্তান, ৩০ অক্টোবর (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স)--- পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুধবার সকালে শক্তিশালী ভূমিকম্পের পর পার্বত্য অঞ্চলগুলোতে সেনা হেলিকপ্টারে করে উদ্ধার তৎপরতা চলছে। চলছে ত্রাণকাজও। ভূমিকম্পে নিহতের সংখ্যা ২শ'ছাড়িয়ে গেছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০০ জনে। প্রশাসনিক কর্মকর্তারা একথা জানিয়েছেন।
ভূমিকম্পের রাতে জিয়ারাত উপত্যকার ৫০ হাজার মানুষের বেশির ভাগেরই বাড়ীঘর হয় ধ্বংস নাহয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ধ্বংস স্তুপের নীচে আরও কেউ আটকা পড়ে আছে কিনা তা খতিয়ে দেখতে এখনও উদ্ধারকাজ চলছে ঊর্ধ্বতন এক সেনা কর্মকর্তা একথা জানান।
ধ্বংস হয়ে যাওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে ২৫ বছর বয়সী মকবুল আহমেদ জানান, তার ১৮ সদস্যের পরিবারে ১৪ জনই মারা গেছে। ভূমিকম্পের কারণে ভূমি ধসে মকবুলের বাড়ির মতো এমন অসংখ্য বাড়ি ধ্বংস হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে রাস্তা। ফলে উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, তারা উপদ্রুত এলাকায় উদ্ধারকর্মী, তাঁবু, কম্বল এবং কাপড়-চোপড় পাঠিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছেছে মাত্র এক ট্রাক তাঁবু ও কম্বল। ভূমিকম্পের পরাঘাতের কারণে হেলিকপ্টার নামতে পারছে না বলে জানিয়েছেন, জিয়ারাত জেলার প্রধান দিলাওয়ার খান।
আন্তর্জাতিক রেডক্রস কমিটি উপদ্রুত এলাকায় দুটো দল পাঠিয়েছে। থেমে থেমে ভূমিকম্পের পরাঘাত এখনও চলছে। ফলে লোকজন শীতের মধ্যে খোলা আকাশের নীচে থাকতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছেন রেডক্রসের মুখপাত্র কার্লা হাদ্দাদ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তারা জিয়ারাতের ৫০ হাজার মানুষের জন্য দু ট্রাক ভর্তি জরুরি ওষুধ ও অন্যান্য ত্রাণ পাঠাচ্ছে।
বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা নগরীর ৭০ কিলোমিটার উত্তরপূর্বের জিয়ারাত জেলা ভূমিকম্পের কেন্দ্রস্থল। স্থানীয় সময় সকাল ৫টা ১০ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৫।
ভূমিকম্পে প্রায় দেড় হাজার মাটির বসত-বাড়ি বিধ্বস্ত হয়েছে। জিয়ারাতের জেলা প্রশাসক দিলওয়ার খান জানিয়েছেন, তার জেলাতেই ১৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩৫০ জন।
এছাড়া ভূমিকম্পে কোয়েটার উত্তরাঞ্চলের জেলা পিশিনে পাঁচজন নিহত হয়েছে। পিশিনের বাসিন্দা হাবিবুল্লাহ বলেন, "ভূমিকম্পের সময় আমরা ঘুমিয়ে ছিলাম। কম্পন অনুভূত হওয়ায় বাচ্চাদের কোলে নিয়ে দৌড়ে ঘরের বাইরে চলে আসি।" তিনি আরও বলেন, "এক মিনিটেরও বেশি সময় ধরে কম্পন অনুভূত হয়েছে।"
বেলুচিস্তানের অন্যতম পর্যটন উপত্যকা জিয়ারাতে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। পাকিস্তানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর মাত্রা ছিল ৬ দশমিক ৫। ওদিকে, যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এর মাত্রা ছিল ৬ দশমিক ৪।
পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, পর পর দুটি কম্পন অনুভূত হয়েছে এবং দ্বিতীয় কম্পনটির স্থায়িত্ব বেশি ছিল।
দিলাওয়ার খান এর আগে বলেন, "ভূমিকম্পে শ'শ' মাটির ঘর বিধ্বস্ত হয়েছে। আমাদের যা কিছু আছে তা নিয়েই ক্ষতিগ্রস্তদের সহায়তা করছি এবং প্রাদেশিক সরকারের সাহায্য চেয়েছি।"
কোয়েটার অধিবাসী আমজাদ হুসাইন জানান, ভূমিকম্প পরবর্তী কম্পনে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এর আগে ১৯৩৫ সালে এক শক্তিশালী ভূমিকম্পে কোয়েটায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই ভূমিকম্পে প্রায় ৩০ হাজার লোক নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/এলকিউ/২১৩০ ঘ.
bdnews24