সিডনি, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৫০ সালের মধ্যে তলিয়ে যাবে সিডনির সমুদ্র সৈকতগুলো। ভেসে যাবে সৈকতের সম্মুখভাগের সব বাড়ি-ঘর, বাণিজ্যিক এলাকা। জলবায়ু পরিবর্তন নিয়ে নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে।
সিডনি উপকূল বরাবর সমুদ্রস্তর ২০৫০ সালের মধ্যে ৪০ সেন্টিমিটার এবং ২১০০ সালের মধ্যে ৯০ সেন্টিমিটার বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতি এক সেন্টিমিটার সমুদ্রস্তর বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলের সৈকতগুলো এক মিটার করে ক্ষয়ে যাবে। সিডনিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কিত প্রতিবেদনে একথা বলা হয়েছে।
বুধবারের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিডনি সৈকতগুলোতে গড়ে ওঠা জনবহুল আবাসিক ও বাণিজ্যিক এলাকাগুলো প্লাবিত হওয়ার ঝুঁকির মুখে পড়বে। তাছাড়া, সমুদ্রস্তর বেড়ে যাওয়ার কারণে উপকূলীয় নদীগুলোতে বন্যার ঝুঁকি আরও বেড়ে যাবে।
এছাড়া, কোনো নির্দিষ্ট উপকূলে সম্ভাব্য ভূমিক্ষয়ের পরিমাণ নির্ধারণ করতে আরও গবেষণা প্রয়োজন বলে প্রতিবেদনে জানানো হয়।
কিন্তু কোলারয় ও নারাবিনের মতো নিম্ন সৈকতগুলো ভূমিক্ষয়ের সবচেয়ে হুমকির মধ্যে আছে। সমুদ্রিক ঝড়ের কারণে ইতোমধ্যে এই সৈকতগুলো অনেকটা ক্ষয়ে গেছে।
এছাড়া মানলি, বুন্ডি ও কুগি'র মতো শক্ত পৃষ্ঠের সৈকতগুলোর বালু ধুয়ে যাবে। এ সৈকতগুলো আরও অনেক দিন টিকিয়ে রাখতে হলে সেখানে বালু জমা করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১৫০ ঘ.
bdnews24