২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক, জ্বালানি সহযোগিতা বাড়াতে রাশিয়া সফরে যাচ্ছেন গাদ্দাফি

সোভিয়েত-ইউনিয়ন পরবর্তী রাশিয়ায় শুক্রবার প্রথম সফরে যাচ্ছেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। রাশিয়ার সঙ্গে সামরিক ও জ্বালানি সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি পশ্চিমের সঙ্গে লিবিয়ার দ্রুত বর্ধমান সম্পর্ক নিয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্কের সমন্বয় সাধনই গাদ্দাফির সফরের লক্ষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 03:29 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ত্রিপোলি, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোভিয়েত-ইউনিয়ন পরবর্তী রাশিয়ায় শুক্রবার প্রথম সফরে যাচ্ছেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। রাশিয়ার সঙ্গে সামরিক ও জ্বালানি সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি পশ্চিমের সঙ্গে লিবিয়ার দ্রুত বর্ধমান সম্পর্ক নিয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্কের সমন্বয় সাধনই গাদ্দাফির সফরের লক্ষ্য। রাশিয়ার নেজাভিসিমাইয়া গেজেট পত্রিকা জানিয়েছে, অবরোধ প্রত্যাহারের পর লিবিয়ার অর্থনীতিকে বেগবান করতে বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে দেশটির সর্বশেষ পদক্ষেপ গাদ্দাফির এই সফর। লিবিয়া যে তাদের অর্থনীতিকে জোরদার করতে চাইছে তার উদাহরণ হলো, ইতালির ব্যংক ইউনিক্রেডিটে লিবিয়ার রাষ্ট্রীয় অংশের দ্রুত বৃদ্ধিতে পদক্ষেপ, মিসরে একটি তেল শোধনাগার ও ইউক্রেনে একটি গমের খামার স্থাপনসহ আফ্রিকা ও ইউরোপের সঙ্গে একের পর এক চুক্তি। ইউরেশিয়া গ্র"পের বিশ্লেষক জিওফ পর্টার বলেন, "দীর্ঘদিনের অবরোধের পর লিবিয়া এখন চাইছে বাইরের সঙ্গে দ্রুত সম্পর্ক জোরদার করতে।" তিনদিনের এই সফরে গাদ্দাফি রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বৈঠক করবেন। সামরিক ও জ্বালানি সহযোগিতার বিষয়ই আলোচনায় গুরুত্ব পাবে। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, গাদ্দাফির এই সফরকালে লিবিয়া রাশিয়ার কাছ থেকে দুই বিলিয়ন ডলারের অস্ত্র কিনতে চুক্তিবদ্ধ হতে পারে। রাশিয়ার অস্ত্র শিল্পের এক সূত্রের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, লিবিয়া রাশিয়ার কাছ থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার এবং ৫০টির মতো ট্যাঙ্ক কিনতে চায়। অন্যদিকে, আফ্রিকার সবচেয়ে তেল সমৃদ্ধ দেশ লিবিয়ার কাছ থেকে তেল নিয়ে বড় ধরনের চুক্তি করতে চায় রাশিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০৫৫ ঘ.