নরফোক, ভার্জিনিয়া, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তান ও ইরাক যুদ্ধ থেকে শুরু করে বিশ্ব অর্থনৈতিক মন্দা- বৈদেশিক নীতির ক্ষেত্রে এ রকম বড় বড় অনেই চ্যালেঞ্জই অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের জন্য। বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল করতে এ সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নতুন প্রেসিডেন্টকে।
ডেমোক্র্যাটিক প্রার্থী বারাক ওবামা এবং রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন আগামী ৪ নভেম্বরের নির্বাচনে ইরানের পরমাণু কর্মসূচি ও মধ্যপ্রাচ্য শান্তি প্রচেষ্টার মতো বিষয়গুলোকে একপাশে রেখে কর, স্বাস্থ্যসেবা ও অভ্যন্তরীণ অন্যান্য বিষয়কে গুরুত্ব দিয়ে প্রচারাভিযান চালাচ্ছেন।
কিন্তু নির্বাচনে যিনি জিতবেন তাকেই প্রেসিডেন্ট বুশের কাছ থেকে ক্ষমতা গ্রহণের পর জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অনেক বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বৈদেশিক নীতির সহযোগী জেমস লিনডসে বলেন, "নির্বাচিত নতুন প্রেসিডেন্টকে এই নীতির ক্ষেত্রে অনেক বড় বড় সমস্যা মোকাবেলা করতে হবে এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকে নিতে হবে।"
বিশ্ব আর্থনৈতিক সংকট অর্থনৈতিক সংস্কার সম্পর্কে বিশ্ব নেতাদের নিয়ে নির্বাচনের দেড় সপ্তাহ পর ওয়াশিংটনে একটি সম্মেলন আহ্বান করবেন প্রেসিডেন্ট বুশ।
ইরাক ও আফগানিস্তানে বুশের বাধানো যুদ্ধের দায় এমনিতেই পড়বে নতুন প্রেসিডেন্টের কাঁধে। তার ওপর পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে আল-কায়েদা জঙ্গিদের উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া সহিংসতাও তাকে মোকাবেলা করতে হবে।
এছাড়া, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে দূরে রাখা এবং উত্তর কোরিয়া যাতে প্রতিশ্র"তি মতো পরমাণু প্রকল্পগুলো ধবংস করে সেজন্য তাদেরকেও চাপে রাখতে হবে যুক্তরাষ্ট্রকে।
উভয় প্রার্থীই জানিয়েছেন, মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি এগিয়ে নিতে তারা কাজ করবেন। একইসঙ্গে ইসরায়েলকে সহযোগিতা করে যাবেন।
ওবামার পররাষ্ট্র নীতি বিষয়ক পরামর্শক মার্ক লিপার্ট জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ, আফগান-পাকিস্তান সীমান্তে জঙ্গি দমন করা এবং ওসামা বিন লাদেনকে হত্যা বা গ্রেপ্তার করাই হবে নতুন প্রেসিডেন্টের প্রধান কাজ।
ওবাম প্রতিশ্র"তি দিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব ইরাক যুদ্ধ শেষ করে সেনাদের দেশে ফিরিয়ে আনবেন। অন্যদিকে, তিনি আফগানিস্তানে সেনা শক্তি জোরদার করতে চান।
লিপার্ট জানিয়েছেন, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির পতন রোধ করা এবং জঙ্গি দমনে রাখার সক্ষমতার সঙ্গে ইরাকে রাজনৈতিক সংহতি সৃষ্টিতে অগ্রগতির বিষয়টিও জড়িত।
আফগানিস্তানে সেনা শক্তি বাড়ানোর বিষয়টি সমর্থন করেন ম্যাককেইন। তবে ইরাক থেকে সেনা প্রত্যাহারের কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চান না তিনি। যত দিন প্রয়োজন হবে ততদিন মার্কিন সেনা সেখানে থাকবে বলে তিনি জানিয়েছেন।
ইরান ও সিরিয়ার মতো অবাধ্য দেশগুলোর সঙ্গে সরাসরি আলোচনা শুরু করবেন বলে জানিয়েছেন ওবামা। তবে এক্ষেত্রে ওবামার সঙ্গে একমত নন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ম্যাককেইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৩০ ঘ.
bdnews24