শিকাগো, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আঙ্গুরের সঙ্গে বেশি মাত্রার লবনাক্ত খাবার রক্তচাপ কমাতে এবং হৃদযন্ত্রের কার্যাবলী বাড়াতে সহায়ক হতে পারে। গবেষণাগারে ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে এই তথ্য পাওয়া গেছে বলে যুক্তরাষ্ট্রের গবেষকরা বুধবার জানিয়েছেন।
'জার্নাল অব জেরনটলজি: বায়োলজিক্যাল সায়েন্স' তে প্রকাশিত গবেষণা ফলাফলে গবেষকরা জানিয়েছেন, উচ্চ রক্তচাপে ভুগছেন এমন মানুষের জন্য আঙ্গুর ভাল কাজ দিতে পারে।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের 'কার্ডিওপ্রটেকশন রিচার্স ল্যাবরেটরির' গবেষক মিটশেল সায়মুর এক বিবৃতিতে বলেন, "আমরা ইতোমধ্যে জানি, ফল ও সবজি সমৃদ্ধ খাবার সাধারণত রক্তচাপ কমাতে সহায়তা করে। তারপরও গবেষণায় প্রাপ্ত ফলাফল আমাদের এই অনুমানকে সমর্থন করে যে, আঙ্গুরের মধ্যে এমন কোনো বিশেষ উপাদান আছে যা হৃদরোগের ঝুঁকি কমায়।" উচ্চ-লবণাক্ত খাবার খাওয়ার পর আঙ্গুর খেলে উচ্চ রক্তচাপ এবং হৃদযন্ত্রের অকার্যকারিতা কমে আসে।
সায়মুর ও তার সহকর্মীরা গবেষণাগারে কিছু ইঁদুরকে প্রথমে লাল, সবুজ ও রক্তবর্ণের আঙ্গুরের গুঁড়া খেতে দেওয়া হয়। পরে তাদের উচ্চ-লবনাক্ত খাবার খাওয়ানো হয়। অন্যদিকে, কিছু ইঁদুরকে একই ধরনের আঙ্গুরের গুঁড়ার সঙ্গে কম-লবনাক্ত খাবার খাওয়ানো হয়। এর ইঁদুরগুলোকে পর্যবেক্ষণে রাখা হয়।
১৮ সপ্তাহ পর দেখা যায়, যে ইঁদুরগুলো লবণাক্ত খাবার খেয়েছে কিন্তু আঙ্গুর খায়নি তাদের তুলনায় আঙ্গুরসমৃদ্ধ খাবার খাওয়া ইঁদুরগুলোর রক্তচাপ কমে এসেছে। একইসঙ্গে তাদের হৃদযন্ত্রও আগের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়েছে।
ক্যালিফোর্নিয়ার আঙ্গুর চাষীদের সহায়তায় গবেষকরা গবেষণাটি চালিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৪৫ ঘ.
bdnews24