২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় মার্কিন হামলার নিন্দা জানাল ইরাক

ইরাক সরকার মঙ্গলবার সিরিয়া সীমান্তে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে। তবে একইসঙ্গে সিরিয়ায় বিদ্রোহী তৎপরতা বন্ধেরও আহ্বান জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 01:50 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

বাগদাদ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাক সরকার মঙ্গলবার সিরিয়া সীমান্তে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে। তবে একইসঙ্গে সিরিয়ায় বিদ্রোহী তৎপরতা বন্ধেরও আহ্বান জানিয়েছে তারা। সিরিয়ায় মার্কিন হামলার প্রথম সরকারি প্রতিক্রিয়ায় এ ঘটনার সমালোচনা করে মুখপাত্র আলী আল দাব্বাহ বলেন, ইরাক সরকার সিরিয়ায় অভ্যন্তরে মার্কিন বিমান হামলা সমর্থন করে না। তবে একইসঙ্গে দাব্বাহ সিরিয়ার মাটিতে সন্ত্রাসী দলগুলোর তৎপরতা বন্ধের দাবি পুনর্ব্যক্ত করেন। ইরাক-যুক্তরাষ্ট্র নিরাপত্তা চুক্তি নিয়ে অচলবস্থা কাটানোর চেষ্টা এই সময়ে ইরাক সরকারের এই নিন্দা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। এর আগে সিরিয়ার কর্মকর্তারা রোববার জানান, সিরিয়ার ইরাক সীমান্ত সংলগ্ন এলাকায় মার্কিন সেনাদের হেলিকপ্টার গানশিপ হামলায় চার শিশুসহ কমপক্ষে আটজন বেসামরিক লোক নিহত হয়েছে। একইসঙ্গে এ হামলাকে 'জঘন্য অপরাধ ও স্পষ্ট আগ্রাসন' অভিহিত করে এর তীব্র নিন্দা জানান সিরীয় কূটনীতিকরা। সিরিয়ার কর্মকর্তারা বলেন, রোববার ইরাক সীমান্ত সংলগ্ন বাও কামাল এলাকায় ওই হামলা চালায় মার্কিন বাহিনী। লন্ডনে সিরিয়ার প্রেস অ্যাটাসে জিহাদ মাকদিসি বিবিসিকে বলেছেন, "এটা একটি জঘন্য অপরাধ এবং অবশ্যই আগ্রাসন।" তিনি জানান, "মার্কিনিরা নির্মাণাধীন একটি বেসামরিক ভবনে ওই হামলা চালায়।" জিহাদ মাকদিসি বলেন, "তাদের (যুক্তরাষ্ট্র) কাছে যদি বিদ্রোহী কর্মকাণ্ডের কোনো প্রমাণ থাকত, তাহলে এরকম জংলি আচরণ না করে তাদের উচিৎ ছিল প্রথমে সিরিয়াকে তা জানানো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একিউ/১৯৪৫ ঘ.