মেসিল্লা, নিউ মেক্সিকো, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় পিছিয়ে পড়া রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন প্রতিদ্বন্দ্বী বারাক ওবামার বিরুদ্ধে আগেই জয়ের আনন্দের প্রস্তুতি নেওয়ায় অভিযোগ তুলেছেন। তিনি বলছেন, ওবামা জেতার আগেই অভিষেক ভাষণের খসড়া প্রস্তুত করে রেখেছেন। ওবামা শিবির এই অভিযোগ অস্বীকার করেছে।
ম্যাককেইনের অভিযোগ: সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের এক সময়কার চিফ অব স্টাফ জন পডেস্টা ওবামার জন্য অভিষেক ভাষণের একটি খসড়া তৈরি করে ফেলেছেন। তার একটি কপি তাদের হাতে এসেছে।
নিউ মেক্সিকোতে সমর্থকদের উদ্দেশে ভাষণে ম্যাককেইন বলেন, "আমেরিকার এখন এমন একজন মানুষ দরকার যিনি জয়ের আনন্দ করার আগে তার বিজয় নিশ্চিত করবেন।"
ম্যাককেইন নিজেকে সাবেক ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের সঙ্গে তুলনা করে করেন। ১৯৪৮ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী টমাস দেওয়িকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ট্রুম্যান। তবে ট্রুম্যানের বিজয় নিশ্চিত হতে এত সময় লেগেছিল যে এর আগেই শিকাগোর একটি পত্রিকা দেওয়ি'র বিজয় ঘোষণা করে খবর ছেপেছিল।
ম্যাককেইন বলেন, "আমি আমার প্রতিদ্বন্দ্বীকে অনুরোধ করব, তিনি যেন তার অভিষেক ভাষণের খসড়াটি স্মিথসোনিয়ান জাদুঘরে সংরক্ষণের জন্যে দেন। এর একটি কপি শিকাগোর ওই পত্রিকাটিকেও পাঠান যারা দেওয়ির জয়ের খবর ছেপেছিল।"
ওবামার প্রচার শিবির দাবি করেছে, ম্যাককেইনের অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এক প্রচার কর্মকর্তা ই-মেইলে জানিয়েছেন, "ওই অভিষেক ভাষণটি পডেস্টা যখন তার একটি বইতে লেখেন তখন ওবামাই প্রার্থীই হননি। আর বক্তৃতাটি ওবামার জন্য লেখা হয়নি। যিনিই প্রার্থী নির্বাচিত হন না কেন তার উদ্দেশ্যে পডেস্টা এটি লিখেছিলেন।"
নির্বাচনের মাত্র ৮ দিন আগে রোববার প্রকাশিত একটি জনমত জরিপ থেকে দেখা যাচেছ ওবামার জনপ্রিয়তার জোয়ারে কিছুটা ভাটা পড়েছে। তবে এখনও তিনি রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে আছেন।
জরিপের ফল অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভোটারদের শতকরা ৪৯ ভাগ ইলিনয়ের সিনেটর বারাক ওবামাকে সমর্থন করছেন। অন্যদিকে, অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইনকে সমর্থন জানাচ্ছেন শতকরা ৪৪ জন।
অবশ্য, চলমান এ জরিপে এর আগে গত বৃহস্পতিবার সর্বোচ্চ ১২ পয়েন্টে এগিয়ে ছিলেন ওবামা। এরপর শুক্রবারে তা নেমে দাঁড়ায় ১০ পয়েন্টে, শনিবার ৯ পয়েন্টে এবং রোববার তা অনেকটা কমে নেমে এলো মাত্র ৫ পয়েন্টের ব্যবধানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৯৪৫ ঘ.
bdnews24