২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে আগাম নির্বাচনের পথে আগালেন লিভনি

জোট সরকার গঠনে দীর্ঘ প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আগাম নির্বাচনের পথই বেছে নিলেন ইসরায়েলের ক্ষমতাসীন কাদিমা পার্টির নেত্রী জিপি লিভনি। ফলে ফিলিস্তিনের সঙ্গে চলতি বছরের মধ্যে শান্তিচুক্তির আর কোনো সম্ভাবনা থাকল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 11:06 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

জেরুজালেম, অক্টোবর, ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জোট সরকার গঠনে দীর্ঘ প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আগাম নির্বাচনের পথই বেছে নিলেন ইসরায়েলের ক্ষমতাসীন কাদিমা পার্টির নেত্রী জিপি লিভনি। ফলে ফিলিস্তিনের সঙ্গে চলতি বছরের মধ্যে শান্তিচুক্তির আর কোনো সম্ভাবনা থাকল না। ইসরায়েলের 'ইয়েদিয়োত আহরোনোত' পত্রিকায় লিভনি বলেন, "জোর করে কোনো কিছু আগায়ের চেষ্টা এবং আগাম নির্বাচন- এ দুটির মধ্যে কোনও একটিকে বেছে নিতে বাধ্য হওয়ায় আমি নির্বাচনই বেছে নিয়েছি।" প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের বিদায়ী সরকারের জায়গায় নতুন একটি জোট সরকার গঠনে লিভনির প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি এ পদক্ষেপ নিলেন। দলীয় এক বিবৃতিতে লিভনি জানিয়েছেন, কাদিমা পার্টির কাছে মনে হয়েছে নির্বাচনটাই সঠিক পথ এবং এই নির্বাচনে জয়ের বিষয়ে তাদের আস্থা আছে। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং ফিলিস্তিনের সঙ্গে মার্কিন সমর্থিত শান্তি প্রচেষ্টায় ইসরায়েল পক্ষের প্রধান আলোচক লিভনি রোববার বিকালে প্রেসিডেন্ট শিমন প্যারেজের সঙ্গে দেখা করবেন বলে কথা আছে। এ সময় সরকার গঠনে ব্যর্থতার কথা তিনি প্রেসিডেন্টকে জানাবেন। এরপর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ নেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের প্রায় এক বছর আগে আগামী ১৭ ফেব্র"য়ারি নির্বাচন অনুষ্টিত হতে পারে। কট্টরপন্থি ধর্মীয় দল শাস পার্টি লিভনির নেতৃত্বধীন সরকারে যোগ দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার জোট গঠনের আলোচনা ভেঙে যায়। দেখা দেয় আগাম নির্বাচনের সম্ভাবনা। জনমত জরিপ অনুযায়ী, আগাম নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কট্টরপন্থি দলের জয়ের সম্ভাবনা রয়েছে। এই দলটি ফিলিস্তিনের সঙ্গে শান্তিচুক্তির চরম বিরোধী। ফিলিস্তিনি শান্তি আলোচক সায়েব এরাকাত বলেন, "আমরা আশা করছি ইসরায়েল শান্তি প্রচেষ্টা এগিয়ে নেওয়ার পথেই থাকবে।" যারা শান্তিচুক্তির চেষ্টা করছে, ইসরায়েলের আগাম নির্বাচনকে তাদের গালে চপটাঘাত বলে অভিহিত করেছেন হামাসের এক মুখপাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১২৫