বেইজিং, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব আর্থিক ব্যবস্থায় সংস্কারের আহ্বান জানিয়েছেন এশিয়া ও ইউরোপের নেতারা। চীনের রাজধানী বেইজিংয়ে ৪৩ জাতি এশিয়া ইউরোপ বৈঠকের শেষ দিনে শনিবার তারা এই আহ্বান জানান।
এছাড়া বর্তমান আর্থিক সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহযোগিতা করতে বৃহত্তর ভূমিকা রাখার জন্য আন্তর্জাতিক মূদ্রা তহবিলকে (আইএমএফ) আহ্বান জানান নেতারা।
আর্থিক সংকটের বিষয়টিই এশিয়া ও ইউরোপের নেতাদের বৈঠকে সবচেয়ে গুরুত্ব পায়। এছাড়া বৈঠকে যোগ দেওয়া জাতিসংঘ মহাসচিব বান কি মুন ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ব নেতাদের আহ্বান জানান।
চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবও জানান, আগামী মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে বেইজিং এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখবে।
বেইজিংয়ে যোগ দেওয়া নেতারা জানিয়েছেন, আগামী মাসের সম্মেলনের আগে তারা মতৈক্যের দিকে আগাচ্ছেন। আর্থিকভাবে বিশ্বের সবচেয়ে বড় ২০টি দেশের নেতারা ওয়াশিংটনে সম্মেলনে একত্রিত হবেন।
দুই দিনের বৈঠক শেষে চূড়ান্ত বিবৃতিতে বলা হয়েছে, "নেতারা একমত হয়েছেন যে, আর্থিক সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহযেগিতার ক্ষেত্রে আইএমএফকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।"
বৈঠক শেষে জিয়াবাও জানান, বিশ্ব আর্থিক ব্যবস্থায় সমন্বয় আনতে সংস্কার প্রয়োজন।
তিনি বলেন, "আর্থিক সংকটে অর্থনৈতিক প্রবৃদ্ধি যাতে ক্ষতিগ্রস্ত না হয় এ জন্য সংকট মোকাবেলার সকল উপায়ই আমাদের ব্যবহার করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০০০ ঘ.
bdnews24