ওয়াশিংটন, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জঙ্গি দমনে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আদিবাসী এলাকার অধিবাসীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা করছে পাকিস্তান সরকার। কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে, জাতীয় নিরাপত্তা কৌশল জরুরি ভিত্তিতে পর্যালোচনা করে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সন্ত্রাসবাদ দমনের পদ্ধতি পুনরায় যাচাই করে দেখা প্রয়োজন।
ওয়াশিংটনে পাকিস্তানি কর্মকর্তারা জানান, বাজাউর ও কেন্দ্র শাসিত অন্যান্য আদিবাসী এলাকায় (এফএটিএ) মুসলিম জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে রাজি-- এমন হাজার হাজার আদিবাসী যোদ্ধাকে একে-৪৭ রাইফেল এবং অন্যান্য অস্ত্র সরবরাহ করা হবে। চীনের কাছ থেকে এ সমস্ত অস্ত্র কিনবে পাকিস্তান।
এক কর্মকর্তা জানান, এফএটিএতে লস্কর হিসেবে পরিচিত প্রায় ২৫ হাজার আদিবাসী যোদ্ধা আছে যারা জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। এদের মধ্যে অনেকেই ইতোমধ্যে পাকিস্তানি সেনাদের সঙ্গে যোগ দিয়ে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
আদিবাসী এলাকাগুলোতে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করতে যুক্তরাষ্ট্রের চাপের মুখে আছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে তালেবান ও অন্যান্য ইসলামী জঙ্গিরা এই এলাকায় আশ্রয় নিয়ে জঙ্গি তৎপরতা চালাচ্ছে।
ইরাকে জঙ্গিদের বিরুদ্ধে আদিবাসীদের অস্ত্র ধারণের অভিজ্ঞতা থেকে পাকিস্তান এই পদক্ষেপ নিচ্ছে। মার্কিন সেনাদের সঙ্গে যোগ দিয়ে ইরাকের আদিবাসী যোদ্ধারা তাদের এলাকা থেকে জঙ্গিদের বিতাড়িত করতে কাজ করছে।
তবে পরিচয় প্রকাশে অনিচ্ছুক দুই পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের এই পরিকল্পনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। তারা এখানে অর্থ দিয়েও সহযোগিতা করছে না।
এক কর্মকর্তা বলেন, "এটা সরকার এবং আদিবাসীদের যৌথ পদক্ষেপ। জাঙ্গিদের কারণে আদিবাসীরা খুবই সমস্যায় আছে। তারা চাইছে জঙ্গিদের তাদের এলাকা থেকে নির্মূল করতে। আর এতে সরকার তাদের সহযোগিতা করছে।"
পাকিস্তানের এই পরিকল্পনার বিষয়ে বিস্তারিত কিছু জানা নেই বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র ব্রায়ান হুইটম্যান।
তিনি বলেন, "এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো, পাকিস্তান সরকার স্বীকার করেছে, জঙ্গিদের নিয়ে তারা সমস্যায় আছে। ফলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা বিভিন্ন উপায় যাচাই করে দেখছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১০৫ ঘ.
bdnews24