২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া সমর্থিত দুই অঞ্চলকে একঘরে করতে চায় জর্জিয়া

রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়াকে একঘরে করতে আইন করে সেখানে বিনিয়োগ এবং বিদেশিদের প্রবেশের সুযোগ বন্ধ করে দিচ্ছে জর্জিয়া। দেশটির পার্লামেন্ট বৃহস্পতিবার এমন একটি আইন পাস করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 11:14 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

তিবলিসি, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়াকে একঘরে করতে আইন করে সেখানে বিনিয়োগ এবং বিদেশিদের প্রবেশের সুযোগ বন্ধ করে দিচ্ছে জর্জিয়া। দেশটির পার্লামেন্ট বৃহস্পতিবার এমন একটি আইন পাস করেছে। জর্জিয়ার পার্লামেন্টের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক কমিটির প্রধান জিভি তারগামাদজে রয়টার্সকে বলেছেন, "এ অঞ্চলগুলোর বাস্তব অবস্থা এবং আমরা যে পরিস্থিতির মোকাবেলা করছি তার প্রতিফলন এ আইন।" তিনি আরও বলেন, "ইউরোপ যদি আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাহলে এতে কাজ হবে।" আগস্ট মাসে রাশিয়ার সঙ্গে পাঁচদিনের যুদ্ধে দক্ষিণ ওসেটিয়া এবং আবখাজিয়া থেকে বিতাড়িত হয় জর্জিয়ার সেনারা। জর্জিয়ার সেনারা দক্ষিণ ওসেটিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সেখানে অভিযান শুরু করলে ওই যুদ্ধ হয়। যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র ও জর্জিয়ার ইউরোপীয় মিত্রদের প্রবল বিরোধিতা সত্ত্বেও অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরপরই যুদ্ধ শুরুর মধ্য দিয়ে জর্জিয়ার শাসন প্রত্যাখান করে দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়া। এরপর বিচ্ছিন্নতাকামী অঞ্চল দুটিতে শান্তিরক্ষী সেনা মোতায়েন করে রাশিয়া। কিন্তু এতোদিন গণভোট কিংবা অন্য কোনো পন্থায়ও জর্জিয়া থেকে পুরোপুরি স্বাধীন হতে পারেনি ওই দুই অঞ্চল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭০৫ ঘ.