জাকার্তা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নভেম্বর মাসের শুরুতেই বালি দ্বীপে বোমা হামলাকারীদের ফাঁসি কার্যকর করা হবে। ইন্দোনেশিয়ার অ্যাটর্নি জেনারেলের অফিস শুক্রবার একথা জানিয়েছে।
বালি বোমা হামলায় অভিযুক্ত তিন আসামী ইমাম সমুদ্র, আমরোজি এবং মুখলাস ওরফে আলি গুফরানকে ২০০৩ সালে মৃত্যুদণ্ড দেয় আদালত। কিন্তু নানা জটিলতার কারণে এখনও সেই মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা যায়নি।
২০০২ সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের অবকাশ কেন্দ্রের দুটি নাইট ক্লাবে দুটি বোমা হামলায় ২০২ জন নিহত হয়। আহত হয় আরও কয়েকশ মানুষ। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ জঙ্গি সংগঠন জামেয়া ইসলামিয়া এ হামলা চালায়।
অ্যাটর্নি জেনারেল অফিসের মুখপাত্র জাসমান পানজাইতান সাংবাদিকদের জানান, "ইন্দোনেশিয়ার অ্যাটর্নি জেনারেলের অফিস সিদ্ধান্ত নিয়েছে যে, ইমাম সমুদ্র, আমরোজি এবয় মুখলাসের মৃত্যুদণ্ড ২০০৮ সালের নভেম্বরের শুরুতেই কার্যকর করা হবে।"
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনকে এখন ইন্দোনেশিয়ার নিরাপত্তা কারা-দ্বীপ নুসাকামবাংগান-এ আটক রাখা হয়েছে। সেখানকার কারাগারেই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৩০ ঘ.
bdnews24