জাগরেব, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে বৃহস্পতিবার এক গাড়িবোমা হামলায় দেশটির একজন খ্যাতনামা সম্পাদকসহ তার এক সহকারী নিহত হয়েছেন।
এ বছর জাগরেবে সংঘটিত কয়েক দফা সহিংস কর্মকাণ্ডের সর্বশেষ ঘটনা এটি। এতে জাগরেব থেকে প্রকাশিত সাপ্তাহিক 'ন্যাসিওনাল' এর সম্পাদক ইভো পুকানিচ (৪৭) এবং পত্রিকাটির একজন ব্যবস্থাপক নিহত হন।
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট স্তেপান মেসিচ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, "সন্ত্রাসবাদ আমাদের রাজধানীর রাস্তায় একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।"
দুর্নীতি ও মানবাধিকার বিষয়ক প্রতিবেদনের জন্য বিশেষভাবে পরিচিত ন্যাসিওনাল সাপ্তাহিকটির সম্পাদক ও মালিক পুকানিচ এর আগে এ বছরের প্রথম দিকেও একটি হত্যা প্রচেষ্টার মুখে পড়েছিলেন।
বৃহস্পতিবারের ঘটনার প্রেক্ষাপটে শুক্রবার ক্রোয়েশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকেরও আহ্বান জানিয়েছেন মেসিচ।
বৃহস্পতিবার ওই আহ্বান জানানোর পর এক সংবাদ সম্মেলনে মেসিচ বলেন, "রাষ্ট্র অপরাধী চক্রের অপ্রত্যাশিত চ্যালেঞ্জের সম্মুখীন।" তিনি বলেন, "আমি ক্রোয়েশিয়াকে বৈরুত হতে দেব না। এটা এখন শুধু সংঘবদ্ধ অপরাধীর বিরুদ্ধে যুদ্ধের বিষয় নয়। এটা এমন এক বিষয় যার বিরুদ্ধে ক্রোয়েশিয়ায় আমাদের সবাইকে জেগে উঠতে হবে।"
মধ্য জাগরেবে অবস্থিত ন্যাসিওনাল এর ভবনের সামনে বৃহস্পতিবারের এ ঘটনা ঘটে। রাষ্ট্রীয় টেলিভিশনের ভিডিওচিত্রে বিধ্বস্ত গাড়ির ছবি দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বোমাটি গাড়িতে পেতে রাখা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩৫৩ ঘ.
bdnews24