আটলান্টা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রে ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামা রেকর্ড সংখ্যক কৃষ্ণাঙ্গ ভোট পাবেন বলেই মনে করছেন রাজনীতি বিশেষজ্ঞরা। এতে করে গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্য যেগুলোতে প্রতিপক্ষ জন ম্যাককেইনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে সেগুলোতেও ওবামা জিতে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে ভোটারদের শতকরা ১২ ভাগ কৃষ্ণাঙ্গ। তারা ডেমোক্র্যাটিক পার্টির সবচে আস্থাশীল জনগোষ্ঠী। যদিও অন্যান্য জনগোষ্ঠীর তুলনায় এদের ভোট দেওয়ার প্রবণতা কম দেখা যায়।
কিন্তু এ বছর বেশ কয়েকটি জনমত জরিপ থেকে ধারণা করা হচ্ছে, ৯০ শতাংশেরও বেশি কৃষ্ণাঙ্গ এবার ওবামাকে ভোট দিতে পারে। নির্বাচনে জয়ী হলে ওবামাই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট-- সেকারণে তার প্রতি স্বজাতিত্ববোধ থেকেই
কৃষ্ণাঙ্গ ভোট সর্বকালের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
এ সপ্তাহে 'জয়েন্ট সেন্টার ফর পলিটিক্যাল এণ্ড ইকোনোমিক স্টাডিজ' এর এক প্রতিবেদনে বলা হয়েছে, "২০০৮ সালে জাতীয় পর্যায়ে এমনকি আলাদা আলাদাভাবে বিভিন্ন রাজ্যে কৃষ্ণাঙ্গ ভোট আগের সমস্ত রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।"
এর প্রভাব পড়তে পারে সংখ্যালঘু কৃষ্ণাঙ্গ রাজ্য ফ্লোরিডা, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা এবং ইণ্ডিয়ানাতেও। অনেক রিপাবলিকান ভোটারও এবার ওবামাকে ভোট দিতে পারে। কারণ, তাদের আশঙ্কা ম্যাককেইন জয়ী হলে তিনি বুশের নীতিই পরিচালনা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এফএইচবি/২১৫৯ ঘ.
bdnews24