ওয়াশিংটন, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী বারাক ওবামা ভোটারদের সতর্ক করে দিয়ে বলেছেন, রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি দেশের নিরাপত্তা 'বিপন্ন' করবেন।
বিশ্বের বর্তমান বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে বৈদেশিক নীতি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের পর এক বংবাদ সম্মেলনে ওবামা জানান, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের 'বাজে নীতি'র কারণে আগামী প্রেসিডেন্টকে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
ওবামার রানিংমেট জো বাইডেন গত সপ্তাহে বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ছয় মাসের মধ্যে ওবামাকে 'উদ্ভূত আন্তর্জাতিক সংকটের' মুখে পড়তে হবে।
অন্যদিকে, বাইডেনের এই মন্তব্যকে কাজে লাগিয়ে ম্যাককেইন বলেছেন, বাইডেনের মন্তব্য এটাই প্রমাণ করে ওবামাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে ঝুঁকিপূর্ণ।
তবে ম্যাককেইনের এই আক্রমণের জবাবে ওবামা বলেন, "তার রানিং মেটের বক্তব্য এটাই ছিল যে, যিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হন না কেন তাকে এ ধরনের পরীক্ষার মুখে পড়তে হবে।"
তিনি আরও বলেন, "প্রশ্ন হলো: যুক্তরাষ্ট্রকে অভিষ্ঠ লক্ষ্যে এগিয়ে নিতে পরবর্তী প্রেসিডেন্ট কী এই সব সমস্যা মোকাবেল করতে পারবেন? একই সঙ্গে তিনি কী বাকী বিশ্বকে আশ্বস্ত করতে পারবেন যে, যুক্তরাষ্ট্র আর একতরফা মনোভাব নিয়ে এগিয়ে যাবে না।"
ইলিনয়ের সিনেটর ওবামা অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী ম্যাককেইন এখনও সেই নীতিই এগিয়ে নিতে চাইছেন যা ইতোমধ্যেই দেশের অর্থনীতিকে সংকটাপন্ন করেছে এবং জাতীয় নিরপত্তাকে হুমকির মুখে দাঁড় করিয়েছে।
তবে ওবামার এই ব্যাখ্যা-বক্তব্য প্রত্যাখ্যান করে ম্যাককেইন শিবির উল্টো ওবামার নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।
ম্যাককেইনের মুখপাত্র টুকার বাউন্ডস বলেন, "বাইডেন জানিয়ে দিয়েছেন, ওবামা প্রেসিডেন্ট হলে আমাদের আন্তর্জাতিক সংকটের মুখে পড়তে হবে। আর কেবল সংবাদ সম্মেলনে ক্যামেরার সামনে হাসি দিয়েই ওবামা সেই সংকট সমাধান করতে পারবেন না।"
উল্লেক্য, ৪ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে চালানো প্রতিদিনের জরিপে জন ম্যাককেইন এর চেয়ে এগিয়েই চলছেন বারাক ওবামা। সর্বশেষ জরিপে ওবামার পয়েন্ট বেড়ে ১২ তে পৌঁছেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইববি/এলকিউ/১৭৩০ ঘ.
bdnews24