২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিঞ্চির আঁকা স্কেচের মতো হৃদপিণ্ডের নতুন মডেল

পাঁচশ' বছর আগে মানুষের হৃদপিণ্ডের একটি জটিল স্কেচ এঁকেছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চি। এতদিন পর আধুনিক কম্পিউটারের সাহায্যে ব্রিটিশ চিকিৎসকরা ভিঞ্চির আঁকা হৃদপিণ্ডের মতো একই ধরনের একটি মডেল তৈরি করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই ত্রিমাত্রিক মডেলের হৃদপিণ্ড মানুষের হৃদরোগ চিকিৎসায় বেশ কাজে আসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

লন্ডন, অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোরড ডটকম/রয়টার্স)- পাঁচশ' বছর আগে মানুষের হৃদপিণ্ডের একটি জটিল স্কেচ এঁকেছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চি। এতদিন পর আধুনিক কম্পিউটারের সাহায্যে ব্রিটিশ চিকিৎসকরা ভিঞ্চির আঁকা হৃদপিণ্ডের মতো একই ধরনের একটি মডেল তৈরি করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই ত্রিমাত্রিক মডেলের হৃদপিণ্ড মানুষের হৃদরোগ চিকিৎসায় বেশ কাজে আসবে। নতুন মডেলের চারকক্ষ বিশিষ্ট এই হৃদপিণ্ডটি কম্পিউটারের পর্দায় মানুষের হৃদপিণ্ডের মতোই ওঠানামা করবে। যে তিন চিকিৎসক এটি তৈরি করেছেন, তারা আশা করছেন হৃদপিণ্ড চিকিৎসায় প্রশিক্ষণ এবং অস্ত্রোপচারের সময় এটি চিকিৎসকদের কাজে আসবে। নতুন মডেলটি তৈরিতে সাহায্যকারী লন্ডন হার্ট হসপিটালের চিকিৎসক জানান, ত্রিমাত্রিক এই মডেলটি মানুষের হৃদপিণ্ডের মতোই কাজ করে এবং চিকিৎসকরা এটিকে বিভিন্নভাবে বারবার পর্যবেক্ষণ করতে পারেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমরা এটিকে খণ্ড খণ্ড করতে পারি। চারপাশে ঘুরাতে পারি এবং বিভিন্ন পাশ থেকে দেখতে পারি। এতে মানুষের হৃদপিণ্ডের একটি কম্পণকে ২০ মিলি সেকেন্ডে ভাগ করে বারবার তা পর্যবেক্ষণ করতে পারি।" লন্ডন ইউনিভার্সিটি কলেজের হৃদপিণ্ড কাঠামো বিষয়ক বিশেষজ্ঞ রবার্ট অ্যান্ডারসন জানিয়েছেন, নতুন এই মডেলের সাহায্যে আরো ভালোভাবে হৃদরোগের চিকিৎসা সম্ভব হবে। তিনি বলেন, "হৃদপিণ্ডের গঠন বুঝতে ভিঞ্চির আঁকা স্কেচ এক সময় নুতন দৃষ্টিভঙ্গির উন্মেষ ঘটিয়েছিল। নতুন এই মডেলটিও আধুনিক যুগে একইরকম গুরুত্বপূর্ণ। কেননা এর মাধ্যমে হৃদপিণ্ডের গঠন নতুনভাবে বোঝা যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১১৫ ঘ.