খোস্ত, আফগানিস্তান, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিদেশি সেনাদের ভুল করে চালানো বিমান হামলায় ৯ আফগান সেনা নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার একথা জানিয়েছে।
মার্কিন বাহিনী জানিয়েছে, ভুল করে চালানো বিমান হামলায় আফগান সেনারা আহত অথবা নিহত হয়ে থাকতে পারে। তবে তারা হতাহতের সংখ্যা জানে না বলে জানায়।
আফগান কর্মকর্তারা বলেছেন, এ বছর আফগানিস্তানে বিদেশি বাহিনীর সেনাদের বিমান হামলায় বহুসংখ্যক আফগান নিহত হয়েছে। তবে আফগান নিরাপত্তা বাহিনীর মিত্র সেনাদের ওপর বিদেশি সেনাদের হামলার এমন ঘটনা বিরল।
কাবুলের আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা নিহতের সংখ্যা ৯ উল্লেখ করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র জাহের আজিমী বলেছেন, বিদেশি বাহিনীর হামলায় ৯ জন শহীদ হয়েছে, তিনজন আহত হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে। এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু বলেননি।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার নিন্দা করেছে। এমন ঘটনা আফগান সেনাবাহিনীর স্পৃহা নষ্ট করবে এবং এই বাহিনীর ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছে মন্ত্রণালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৩ ঘ.
bdnews24