২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জমি দুর্নীতি মামলায় থাকসিনের দুই বছর কারাদণ্ড

থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার জমি দুর্নীতির মামলার রায় ঘোষণা করেছে। দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের দায়ে তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ২০০৬ সালের সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত থাকসিন বর্তমানে স্ত্রী ও সন্তানদের নিয়ে লন্ডনে নির্বাসনে আছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 11:42 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ব্যাংকক, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার জমি দুর্নীতির মামলার রায় ঘোষণা করেছে। দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের দায়ে তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ২০০৬ সালের সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত থাকসিন বর্তমানে স্ত্রী ও সন্তানদের নিয়ে লন্ডনে নির্বাসনে আছেন। (আরও তথ্যসহ) সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের বিরুদ্ধে থাইল্যান্ডের সর্বোচ্চ আদালত এমন সময়ে এ রায় দিল যখন থাকসিনপন্থী ও বিরোধীদের মধ্যকার উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। ২০০৬ সালের সেনা অভ্যুত্থানের পর সেনাবাহিনী নিযুক্ত দুর্নীতি বিষয়ক তদন্ত কর্মকর্তারা থাকসিন ও তার রাজনৈতিক সহকর্মীদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করে। মঙ্গলবার প্রথম সেসব মামলার একটির রায় ঘোষিত হল। এ মামলায় থাকসিনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, ক্ষমতায় থাকাকালীন সরকারি সংস্থার একটি জমি কম মূল্যে কিনতে স্ত্রীকে সাহায্য করার মাধ্যমে দুর্নীতি করেন তিনি। মঙ্গলবার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি বলেন, "আসামী দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন। এজন্য তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।" ওদিকে লন্ডনে নির্বাসনে থাকা থাকসিন মঙ্গলবারই টেলিফোনে রয়টার্সকে বলেছেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর আগে থাকসিন বলে আসছিলেন, থাই আদালতের কাছে সুবিচার প্রত্যাশা করতে পারেন না তিনি। মঙ্গলবার রয়টার্সকে থাকসিন বলেন, "রায় কি হবে তা আমি জানতাম। আদালতের রায় এমন হবে তা আমি অনেকদিন আগে থেকেই ধারণা করে আসছিলাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭১৭ ঘ.