ঢাকা, ২০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--নেশাগ্রস্ত থাকার সন্দেহে রোববার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিমানের ভেতর থেকে এক পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকের উপস্থিতি নিশ্চিত করতে নিঃশ্বাসের পরীক্ষা নেওয়ার পর মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্সের ওই পাইলটকে আটক করা হয়।
'বিমানচালনার মত দায়িত্বপালনকালে অ্যালকোহলের গ্রহণযোগ্য মাত্রা অতিক্রম' করার দায়ে ৪৪ বছর বয়সী বিমানচালককে আটক করা হয় বলে জানায় পুলিশ।
আগামী ১৬ জানুয়ারি হিথ্রো থানায় হাজিরা দেওয়ার জন্য তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
ইউনাইটেড এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়েছে তাদের অ্যালকোহল নীতি বিমান পরিবহন শিল্পে সবচেয়ে কঠোরগুলোর একটি।
বিমানসংস্থাটির একজন মুখপাত্রকে জিজ্ঞেস করা হলেও তিনি ফ্লাইটটির নাম বা সময় প্রকাশ করতে রাজি হননি।
বিমানচালকদের জন্য নিঃশ্বাসে গ্রহণযোগ্য অ্যালকোহলের মাত্রা হচ্ছে ১০০ মিলিমিটার শ্বাসে ৯ মাইক্রোগ্রাম। গাড়ি চালানোর ক্ষেত্রে যে মাত্রা বৈধ এটি তার তিনগুণেরও বেশি কঠোর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১১১৪ঘ.
bdnews24