বেইজিং, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রাজধানী বেইজিংয়ের বায়ু দূষণ নিয়ন্ত্রণে বোনাস হিসেবে নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছে চীন সরকার। রোববার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একথা জানিয়েছে।
বেইজিংকে মারাত্মক দূষিত বায়ুমুক্ত করতে চীন সরকার ঘোষিত সর্বশেষ এ পদক্ষেপে যেসব প্রতিষ্ঠান বায়ু দূষণ বন্ধ করবে তাদেরকে বোনাস হিসেবে ২৩ লাখ ইয়েন (৩৩৬,৫০০ মার্কিন ডলার) পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে।
'ফিন্যান্স ব্যুরো অফ বেইজিং' দপ্তরের বরাত দিয়ে সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, "উচ্চমাত্রায় বায়ু দূষণকারী কল-কারখানার পরিবর্তে পরিবেশবান্ধব অর্থনীতির প্রতি লোকজনকে উৎসাহিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।"
দপ্তরটি জানিয়েছে, "সিমেন্ট ও কাগজ উৎপাদনকারী ছোট ছোট প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠানগুলো আমাদের তালিকার শীর্ষে থাকবে।"
সিনহুয়া আরও জানায়, "কী পরিমাণ দূষণ কমানো হয়েছে বা পানি ও জ্বালানি বেঁচেছে তার ভিত্তিতে পুরস্কারের অর্থ দেওয়া হবে।"
সংবাদ সংস্থাটি জানায়,"এটি রাজধানীর দূষণ রোধ ও জ্বালানি বাঁচানোর সর্বশেষ পদক্ষেপ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৫৮ ঘ.
bdnews24