২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কট মোকাবেলায় বিশ্ব অর্থনৈতিক সম্মেলন ডাকছেন বুশ

গত শতকের ত্রিশের দশকের মহামন্দার পর সবচেয়ে বড় বিপর্যয়ের সম্মুখীন বিশ্ব অর্থনৈতিক সঙ্কট কাটাতে প্রস্তাবিত সিরিজ শীর্ষ সম্মেলনের প্রথমটি যুক্তরাষ্ট্রে আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 06:54 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ওয়াশিংটন, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - গত শতকের ত্রিশের দশকের মহামন্দার পর সবচেয়ে বড় বিপর্যয়ের সম্মুখীন বিশ্ব অর্থনৈতিক সঙ্কট কাটাতে প্রস্তাবিত সিরিজ শীর্ষ সম্মেলনের প্রথমটি যুক্তরাষ্ট্রে আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। শনিবার মেরিল্যান্ডে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের অবকাশযাপন কেন্দ্র ক্যাম্প ডেভিড-এ ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল ব্যারোসোর সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলো নিয়ে অবিলম্বে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দেন বুশ। (আরও তথ্যসহ) শনিবার ক্যাম্প ডেভিডে সারকোজি ও ব্যারোসোর সঙ্গে বৈঠকের আগে বুশ বলেন, "আমরা একসঙ্গে সঙ্কটে পড়ায় একত্রে কাজ করা প্রয়োজন হয়ে পড়েছে।" বৈঠকের পর ওই যৌথ বিবৃতিতে জানানো হয়, ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই যুক্তরাষ্ট্রে প্রথম শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে এবং এতে বিশ্ব অর্থনৈতিক পদ্ধতি ঠিক করার জন্য প্রয়োজনীয় "সংস্কারের নীতিগুলো"র ওপর গুরুত্বারোপ করা হবে। প্রথম শীর্ষ সম্মেলন নিয়ে আগামী সপ্তাহ থেকে বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করার কথা উল্লেখ করে বিবৃতিতে আরও জানানো হয়, "ওই নীতিগুলো বাস্তবায়নে গৃহীত সুনির্দিষ্ট পদক্ষেপগুলো নিয়ে যে চুক্তি হবে তা কার্যকর করতে পরবর্তী শীর্ষ সম্মেলনগুলো সাজানো হবে।" আর অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু হবে আগামী সপ্তাহ থেকে। কারণ, একটা শীর্ষ সম্মেলনেই সব ইস্যু সামাল দেওয়ার আশা করাটা ঠিক হবে না-- এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেতারা একমত। হোয়াইট হাউসের মুখপাত্র টনি ফ্রাট্টো একথা জানিয়েছেন। ওদিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৪ সালের 'ব্রেটন উডস' সম্মেলনে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক আর্থিক অবকাঠামো পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন সারকোজি। তবে ধারণা করা হচ্ছে, বুশ প্রশাসন সারকোজির এ আহ্বানে পুরোপুরি সমর্থন নাও দিতে পারে। শনিবার ক্যাম্প ডেভিডে পৌঁছানের আগে এক সতর্কবাণীতে ইউরোপীয় ইউনিয়নের সভাপতির দায়িত্বে থাকা সারকোজি বলেন, "২০ শতকী অর্থব্যবস্থাপনা ২১ শতকে অচল।" ক্যাম্প ডেভিডের যৌথ বিবৃতিতে সারকোজি বলেন, প্রথম শীর্ষ সম্মেলন পুরো বৈশ্বিক আর্থিক পদ্ধতি পুনর্নিধারণের সুযোগ এনে দিতে পারে। তিনি বলেন, "বাজার অর্থনীতির কাঠামো চ্যালেঞ্জ করা ভুল হবে। তবে আমরা একই পথে চলতে পারি না। কারণ এর ফলে একই ধরনের সমস্যার পরিপ্রেক্ষিতে একই ধরনের বিপর্যয় আসতে পারে।" ওদিকে, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই দেশটিতে বিশ্ব নেতাদের এ শীর্ষ সম্মেলন আয়োজনের ঘোষণা আসলেও তাতে নির্বাচনের প্রার্থীদ্বয় জন ম্যাককেইন এবং বারাক ওবামাকে আমন্ত্রণ জানানো হবে কি-না তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক মুখপাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/এলকিউ/১৪১৫ ঘ.