২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে আলোচনায় জাতিসংঘ-এইউ'র মধ্যস্থতা দাবি এমডিসি'র

জিম্বাবুয়ের বিরোধীদল 'মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ' (এমডিসি) শুক্রবার জানিয়েছে, মন্ত্রিপরিষদের আসন নিয়ে ক্ষমতা-ভাগাভাগি চুক্তির অচলাবস্থা নিরসনে সরকারের সঙ্গে তাদের আলোচনায় জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতা প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2008, 02:03 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

হারারে, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের বিরোধীদল 'মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ' (এমডিসি) শুক্রবার জানিয়েছে, মন্ত্রিপরিষদের আসন নিয়ে ক্ষমতা-ভাগাভাগি চুক্তির অচলাবস্থা নিরসনে সরকারের সঙ্গে তাদের আলোচনায় জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতা প্রয়োজন। এমডিসি মুখপাত্র নেলসন চামিসা বলেন, "জানু-পিএফ'র সঙ্গে ক্ষমতা ভাগাভাগি চুক্তির জামিনদার জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন। এখন জানু-পিএফ তাদের প্রতিশ্র"তি না রাখলে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের হস্তক্ষেপ দরকার।" তবে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের জানু-পিএফ পার্টির সদস্যরা অভিযোগ করেছেন, বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই চাইছেন না সরকারের সঙ্গে তার আলোচনা সফল হোক। তিনি জাতিসংঘ হস্তক্ষেপের আশায় আছেন বলে তারা দাবি করেছে। স্যাঙ্গেরাইয়ের সঙ্গে সরকারের আলোচনা শুক্রবার থেকে শুরু হওয়ার কথা। তবে এর আগে মন্ত্রিপরিষদের পদ নিয়ে গত তিনদিনে এমডিসির অপর অংশের নেতা আর্থার মুতাম্বারার সঙ্গে স্যাঙ্গেরাইয়ের আলোচনা ব্যর্থ হয়েছে। গত শনিবার প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রণালয়ের দায়িত্বে নিজ দল জানু-পিএফ পার্টির নেতাদের নিয়োগ দেন মুগাবে। এতে ক্ষুব্ধ হয় এমডিসি। ফলে হুমকির মুখে পড়ে ক্ষমতা ভাগাভাগি চুক্তি। মন্ত্রিপরিষদের আসন ভাগাভাগি নিয়ে সংকটের অবসান না হলে ক্ষমতা-ভাগাভাগি চুক্তি থেকে বেরিয়ে যাবেন বলে হুমকি দেন স্যাঙ্গেরাই। তবে সংকট সমাধানে মধ্যস্থতাকারী দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট থাবো এমবেকির সাহায্য নিতে একমত হয়েছেন উভয় নেতা। উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে চুক্তি টিকিয়ে রাখাতে চেষ্টা করে যাচ্ছেন এমবেকি। জানু-পিএফ পার্টির সূত্রের বরাত দিয়ে রাষ্ট্র নিয়ন্ত্রিত 'হেরাল্ড' পত্রিকা শুক্রবার জানিয়েছে, আলোচনা সফল হচ্ছে না। কারণ, স্যাঙ্গেরাই গোপন উদ্দেশ্য পূরণের চেষ্টা করছেন। পত্রিকাটি লিখেছে, "স্যাঙ্গেরাই চাইছেন আলোচনা সফল না হোক এবং এমবেকির মধ্যস্থতা প্রচেষ্টা ব্যর্থ হোক। জাতিসংঘের হস্থক্ষেপের গোপন ইচ্ছা নিয়ে কাজ করছেন।" স্যাঙ্গেরাই জাতিসংঘ এবং ব্রিটেনের চাপের মুখে আছেন বলে পত্রিকার সূত্র জানিয়েছে। মুগাবে এবং স্যাঙ্গেরাই বহু প্রতীক্ষিত ক্ষমতা-ভাগাভাগি চুক্তিতে স্বাক্ষর করেন গত সেপ্টেম্বর মাসে। চুক্তির ফলে দেশটিতে প্রেসিডেন্ট মুগাবের প্রায় তিন দশকের একচেটিয়া ক্ষমতার অবসান হয়। চুক্তির আওতায় স্যাঙ্গেরাই হন দেশটির প্রধানমন্ত্রী। এছাড়া, তিনি মন্ত্রিসভার তদারককারী মন্ত্রিসভা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে প্রেসিডেন্ট পদ মুগাবের হাতেই রয়ে যায়। চুক্তি অনুযায়ী, মন্ত্রিপরিষদের ১৫টি পদ পাবে মুগাবের জানুপিএফ, ১৩টি পাবে স্যাঙ্গেরাইয়ের এমডিসি এবং ৩টি পাবে মুতামবারার নেতৃত্বাধীন এমডিসির অপর অংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৪৫ ঘ.