২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট পদে ওবামাকে বেছে নিল ওয়াশিংটন পোস্ট

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট বারাক ওবামাকেই বেছে নিয়েছে প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটি শুক্রবারের সংখ্যার এক সম্পাদকীয়তে লিখেছে, ইলিনয়ের সিনেটর ৪৭ বছর বয়সী ওবামার "মহান প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে"।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2008, 08:44 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ওয়াশিংটন, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট বারাক ওবামাকেই বেছে নিয়েছে প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটি শুক্রবারের সংখ্যার এক সম্পাদকীয়তে লিখেছে, ইলিনয়ের সিনেটর ৪৭ বছর বয়সী ওবামার "মহান প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে"। ওদিকে, একইদিন প্রকাশিত জনমত জরিপে দেখা গেছে, ক্ষমতাসীন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ৭২ বছর বয়সী জন ম্যাককেইনের চেয়ে এগিয়ে আছেন ওবামা। ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ওয়াশিংটন পোস্ট সম্পাদকীয়তে লেখে, ম্যাককেইনের 'হতাশ করা প্রচারাভিযান' এবং আলাস্কার গভর্নর সারাহ পেলিনকে ভাইস প্রেসিডেন্ট পদে নেওয়ার সিদ্ধান্তের কারণেই প্রেসিডেন্ট পদের জন্য ওবামাকে বেছে নেওয়াটা সহজ হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে পত্রিকাটির ওয়েবসাইটে প্রকাশিত ওই সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, "ওবামার জন্য আমাদের প্রশংসা ছাড়াও দীর্ঘ এ প্রতিযোগিতায় তিনি যে চিত্তাকর্ষক গুণাবলী দেখিয়েছেন সেজন্যই তাকে বেছে নেওয়া সহজ হয়েছে।" এর আগের দুই প্রেসিডেন্ট নির্বাচনেও ওয়াশিংটন পোস্ট ডেমোক্র্যাটিক প্রার্থীদের সমর্থন দিয়েছিল। শুক্রবারের ওই সম্পাদকীয়তে ওবামাকে একজন "সূক্ষ্ম বুদ্ধির মানুষ" অভিহিত করে তার প্রশংসা করেছে পত্রিকাটি। ওদিকে, শুক্রবার প্রকাশিত রয়টার্স/সি-স্প্যান/জগবি'র এক জনমত জরিপে দেখা গেছে, ম্যাককেইনের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছেন ওবামা। ১,২১০ জন সম্ভাব্য ভোটারের ওপর জরিপটি চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫২১ ঘ.