২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক সংকটের জন্য যুক্তরাষ্ট্রের আধিপত্যকে দায়ি করল ইরান

বিশ্বজুড়ে আর্থিক সংকটের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ি করে ইরান বৃহস্পতিবার বলেছে, যুক্তরাষ্ট্রে আধিপত্যসূলভ কর্মকাণ্ডের জন্য অন্য দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 12:56 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

আসতানা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বজুড়ে আর্থিক সংকটের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ি করে ইরান বৃহস্পতিবার বলেছে, যুক্তরাষ্ট্রে আধিপত্যসূলভ কর্মকাণ্ডের জন্য অন্য দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজাখস্তানে একটি সম্মেলন চলার ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি বলেন, যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে বিশ্ব অর্থনীতিকে রক্ষা করতে একটি সুষ্ঠু আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার এটাই উপযুক্ত সময়। মোত্তাকি বলেন, "যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকটের প্রভাব খুব শিগগির অন্য দেশগুলোতেও পড়বে।" তিনি আরও বলেন, "আমরা মনে করি অন্য দেশের অর্থনীতির ওপর যুক্তরাষ্ট্রের একতরফা আধিপত্যসূলভ মনোভাবের কারণে এই সংকটের সৃষ্টি।" যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের বিরোধ চলছে। পশ্চিমাদের অভিযোগ, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। কিন্তু এ অভিযোগ অস্বীকার করে ইরান দাবি করে আসছে, তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং জ্বালানি তৈরির উদ্দেশ্যেই তা পরিচালিত হচ্ছে। ওপেক সদস্য ইরান জানিয়েছে, অন্যান্য দেশের তুলনায় তারা বর্তমান সংকট থেকে ভালভাবেই রেহাই পাবে। কেননা ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর তাদের অর্থনীতি আত্মনির্ভরশীলভাবেই বেড়ে উঠেছে। তবে ইরানের এই দাবির সঙ্গে একমত নয় অর্থনীতিবিদরা। তারা জানিয়েছে, ইরানের অর্থনীতি তেল বিক্রির ওপর নির্ভরশীল হওয়ায় তারা এই মন্দা থেকে খুব সহজে রেহাই পাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮২৮ ঘ.