২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্ক শেষে নির্বাচনী দৌড়ের চূড়ান্ত পর্বে ওবামা-ম্যাককেইন

লং আইল্যান্ডের 'হফস্ত্রা ইউনিভার্সিটি'তে বুধবার তৃতীয় এবং শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্ক শেষ করে নির্বাচনী দৌড়ের চূড়ান্ত পর্বের লড়াইয়ে নামছেন ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা ও জন ম্যাককেইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 10:43 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

হ্যাম্পস্টেড, নিউ ইয়র্ক, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লং আইল্যান্ডের 'হফস্ত্রা ইউনিভার্সিটি'তে বুধবার তৃতীয় এবং শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্ক শেষ করে নির্বাচনী দৌড়ের চূড়ান্ত পর্বের লড়াইয়ে নামছেন ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা ও জন ম্যাককেইন। আর মাত্র ১৮ দিন পর আগামী ৪ নভেম্বর নির্ধারিত হবে কে হবেন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট, ওবামা না ম্যাককেইন। ওবামা-ম্যাককেইনের বিতর্কের পর তাৎক্ষণিকভাবে পরিচালিত দুটি জনমত জরিপে দেখা গেছে, আগের দুটি বিতর্কের মতোই এ বিতর্কেও ওবামাকেই জয়ী বলে মনে করছেন বেশিরভাগ মার্কিনি। সিবিএস নিউজ এবং সিএনএন এ জরিপ দুটি চালায়। বুধবার ৯০ মিনিটের ওই বিতর্কের বেশিরভাগ সময়ই ওবামাকে আক্রমণের পেছেনে ব্যয় করেন জনমত জরিপে পিছিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইন। প্রেসিডেন্ট বুশের নীতির সঙ্গে ম্যাককেইনের নীতির কোনো পার্থক্য নেই - বরাবরই ওবামার এমন মন্তব্যের জবাবে ম্যাককেইন বলেন, "সিনেটর ওবামা। আমি প্রেসিডেন্ট বুশ নই। আপনি যদি প্রেসিডেন্ট বুশের বিরুদ্ধে লড়াই করতে চেয়ে থাকেন তাহলে আপনার আরও চার বছর আগে নির্বাচনে অংশ নেওয়া উচিৎ ছিল।" এর জবাবে ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী ৪৭ বছর বয়সী ওবামা বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই বুশ আর ম্যাককেইনের নীতির মধ্যে তফাৎ করাটা আসলেই মুশকিল। ম্যাককেইনকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আমি যদি কখনো বুশের নীতির সঙ্গে আপনার নীতিকে গুলিয়ে ফেলে থাকি তাহলে তা এজন্য যে, করনীতি, জ্বালানি নীতি, অগ্রাধিকার ব্যয়সহ আমেরিকান জনগণের জন্য গুরুত্বপূর্ণ ইস্যুগুলিতে আপনি প্রেসিডেন্ট বুশের কট্টর সমর্থক।" ক্ষমতাসীন রিপাবলিকানদের সময়েই মার্কিন অর্থনীতিতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দার কারণে জনগণের সরকার বিরোধী মনোভাব এবং আগের দুটি বিতর্কে হেরে যাওয়ার কারণে এ বিতর্কে ভাল দক্ষতা দেখানোর জন্য চাপের মুখে ছিলেন জন ম্যাককেইন। ওদিকে, জনমত জরিপের ফলাফলগুলোতে দেখা গেছে, বেশিরভাগ ভোটারই বলছেন, অর্থনীতির প্রশ্নে ওবামার নেতৃত্বকে সমর্থন করেন তারা। আর এ কারণে বিদেশনীতি এবং সামরিক প্রশ্নে ম্যাককেইনের দক্ষতার ভাবমূর্তি চাপা পড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬২৫ ঘ.