২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ ওসেটিয়া ও আবখাজিয়া নিয়ে রাশিয়া-জর্জিয়া আলোচনা

দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়া নিয়ে রাশিয়া ও জর্জিয়ার মধ্যে বুধবার থেকে কূটনৈতিক আলোচনা শুরু করেছেন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা। তবে দুপক্ষের মধ্যে এখনও সরাসরি আলোচনা হয়নি বলেই মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 03:00 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

জেনেভা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়া নিয়ে রাশিয়া ও জর্জিয়ার মধ্যে বুধবার থেকে কূটনৈতিক আলোচনা শুরু করেছেন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা। তবে দুপক্ষের মধ্যে এখনও সরাসরি আলোচনা হয়নি বলেই মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সংগঠনের কর্মকর্তারা দুপক্ষের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করছে। এর মধ্য দিয়ে দুপক্ষকে মুখোমুখি বৈঠকে বসানো হবে বলে আশা করা হচ্ছে। জেনেভায় জাতিসংঘ ভবনে শুরু হওয়া বৈঠকে কঠোর গোপনীয়তা বজায় রাখছে আয়োজকরা। উভয় দেশের প্রতিনিধিরা আলোচনাস্থলে প্রবেশের পর সাংবাদিক এবং ফটোসাংবাদিকদের সেখানে যেতে দেওয়া হচ্ছে না। জাতিসংঘের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, "আলোচনা একান্তই গোপন থাকবে। সব পক্ষ তেমনটাই চায়।" একদিনের এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাতিসংঘ ও ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (ওএসসিই) যৌথভাবে সভাপতিত্ব করছে। কর্মকর্তারা জানিয়েছেন, গত আগস্টে রাশিয়া ও জর্জিয়ার মধ্যে পাঁচ দিনের যুদ্ধের পর থেকে দুই পক্ষকে আলোচনায় বসাতে যে চেষ্টা করা হচ্ছিল এ বৈঠক তারই ফল। বিরোধ মীমাংসায় এখন থেকে নিয়মিত এ ধরনের বৈঠক হবে। দশ হাজার শরণার্থীর বিষয়টি এতে প্রাধান্য পাবে। মঙ্গলবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, "সমস্যা সমাধানে উভয়পক্ষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।" ওএসসিই'র সভাপতি ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার স্টাব বলেন, "আমরা জানি এটা একটা দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। কাজেই আমরা ধীরে ধীরে এগুচ্ছি।" আয়োজকরা আশা করছে, বুধবারের বৈঠকের পর প্রতি দুই সপ্তাহে রাশিয়া, জর্জিয়া ও এর মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যে নিয়মিত এ ধরনের বৈঠক চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৫৫ ঘ.