দামেস্ক, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে মঙ্গলবার একটি আদেশ জারি করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
ফ্রান্সের কাছ থেকে ১৯৪০ এর দশকে স্বাধীনতা লাভের পর মধ্যপ্রাচ্যের দুই প্রতিবেশী দেশের মধ্যে এই প্রথমবারের মতো কূটনৈতিক সম্পর্ক চালু হচ্ছে।
প্রেসিডেন্ট বাশারের আদেশে বৈরুতে দূতাবাস প্রতিষ্ঠার জন্য সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। তবে এজন্য কোনো তারিখ বা সময়সীমা উল্লেখ করা হয়নি।
গত কয়েক মাসে ফ্রান্সের উদ্যোগে আলাপ-আলোচনার ফল হিসেবে লেবানন ও সিরিয়ার মধ্যে এই কূটনৈতিক সম্পর্ক শুরু হচ্ছে।
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ফাওজি জানিয়েছেন, বুধবার তিনি দামেস্ক সফরে যাচ্ছেন। এ সময় সম্পর্ক প্রতিষ্ঠা নিয়ে তিনি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়ালেমের সঙ্গে বৈঠক করবেন।
সিরিয়ার কর্মকর্তারা আশা করছেন, চলতি বছরের মধ্যেই দুই দেশ নিজেদের মধ্যে রাষ্ট্রদূত নিয়োগ দিতে পারবে।
২৯ বছর পর ২০০৫ সালে লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় সিরিয়া। এর পর থেকে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাসহ লেবাননকে স্বীকৃতি দেওয়ার জন্য পশ্চিমা চাপের মুখে আছে সিরিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯১৫ ঘ.
bdnews24