২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কম্বোডিয়া সীমান্তে আরও সেনা মোতায়েনের দাবি থাইল্যান্ডের

বিরোধীপূর্ণ কম্বোডিয়া সীমান্তে মঙ্গলবার আরও সেনা মোতায়েনের দাবি করেছে থাইল্যান্ড। এক থাই জেনারেল একথা জানিয়েছেন। কম্বোডিয়ার জেনারেল চেয়া মন সীমান্ত থেকে থাই সেনারা সরে গেছে বলে দাবি করার পরপরই থাইল্যান্ড এই পাল্টা দাবি জানাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 01:19 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

নম পেন, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিরোধীপূর্ণ কম্বোডিয়া সীমান্তে মঙ্গলবার আরও সেনা মোতায়েনের দাবি করেছে থাইল্যান্ড। এক থাই জেনারেল একথা জানিয়েছেন। কম্বোডিয়ার জেনারেল চেয়া মন সীমান্ত থেকে থাই সেনারা সরে গেছে বলে দাবি করার পরপরই থাইল্যান্ড এই পাল্টা দাবি জানাল। কম্বোডিয়ার জেনারেল চেয়া মন মঙ্গলবার ঘটনাস্থল থেকে রয়টার্সকে বলেন, সংঘর্ষ এড়াতে বিরোধপূর্ণ সীমান্ত এলাকা থেকে থাই সেনারা মঙ্গলবার সরে গেছে। তবে ব্যাংকক সঙ্গে সঙ্গে এ দাবি অস্বীকার করে। সীমান্ত এলাকা থেকে জেনারেল চেয়া ফোনে রয়টার্সকে জানান, " থাইল্যান্ড সেনা সরানোর সময়সীমা পেরোনোর আগেই আমাদের ভূমি থেকে সরে গেছে।" সোমবার সীমান্ত এলাকা থেকে থাইল্যান্ড ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১শ' সেনা না সরালে ওই এলাকাকে মৃত্যুপুরীতে পরিণত করার আলটিমেটাম দিয়েছিলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। নমপেনে থাই পররাষ্ট্রমন্ত্রী সম্পোং আমোর্নভিভাত এর সঙ্গে বৈঠকের পর হুন সেন সাংবাদিকদেরকে বলেন, "থাই সেনাদেরকে ২৪ ঘন্টার মধ্যে কম্বোডিয়া ছাড়তে হবে। আমরা তাদেরকে আমাদের ভূমি দখল করতে দেব না।" মঙ্গলবার কম্বোডিয়ার জেনারেল চেয়া মন বলেন, "থাই সেনারা সীমান্ত থেকে সরে গেছে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। থাই সেনারা যেখান থেকে চলে গেছে সেখানে প্রবেশ করছে আমাদের সেনারা।" একথা তাৎক্ষণিকভাবে অস্বীকার করে থাই সেনাবাহিনী জানায়, কোনও সেনা প্রত্যাহার করা হয়নি এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুত। সীমান্ত এলাকার স্বার্বভৌমত্ব রক্ষার জন্য থাই সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানায় তারা। থাই কমাণ্ডার ভিবুলসাক নীপান চ্যানেল-৩ টেলিভিশনে বলেছেন, "আমরা যে কোনও পাল্টা আক্রমণের জবাব দিতে সীমান্ত অঞ্চলে আরও সেনা ও গোলাবারুদ পাঠিয়েছি।" তিনি আরও বলেন, "সম্মুখসারিতে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। দুপক্ষের সেনাই সামান্য পিছু হটলেও ১০০ মিটার দূরে মুখোমুখি অবস্থানে রয়েছে। বিরোধ আরও বাড়ার আশঙ্কায় থাইল্যান্ড ওই অঞ্চলে সেনা বাড়াচ্ছে।" উল্লেখ্য, থাই-কম্বোডিয়া সীমান্তে ৪ দশমিক ৬ বর্গকিলোমিটারের একটি অমীমাংসিত এলাকা নিয়ে জুলাই মাসে বিরোধে জড়িয়ে পড়ে দুই দেশ। সেখানকার একটি প্রাচীন হিন্দু মন্দির এবং তৎসংলগ্ন জংলা জমির মালিকানা দাবি করছে উভয় দেশই। দুই দেশই সেখানে সেনা সমাবেশ ঘটাচ্ছে এবং অঞ্চলটিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২০ ঘ.