নয়াদিল্লি, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে ভারতের রাজস্থান, দিল্লি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং মিজোরাম রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ভারতের প্রধান নির্বাচন কমিশনার এন গোপালস্বামী একথা জানিয়েছেন।
ভারতে ২০০৯ সালের প্রথম দিকে নির্ধারিত সাধারণ নির্বাচনের আগে অনুষ্ঠেয় এ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে ক্ষমতাসীন সরকারের জনপ্রিয়তা এবং রাজনৈতিক উত্তাপের পরীক্ষা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
নির্বাচন কমিশন জানিয়েছে, কাশ্মীরেও বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার নিয়ে চিন্তা-ভাবনা হচ্ছে। তবে কাশ্মীরে স্বাধীনতার দাবিতে বিক্ষোভ বাড়তে থাকায় এ বছর রাজ্যটির বিধানসভা নির্বাচন নাও হতে পারে। তাছাড়া, স্বাধীনতাকামীরাও রাজ্যে যে কোনো নির্বাচন বয়কটের হুমকি দিয়েছে।
এর আগে গত বছর ভারতের বেশ কয়েকটি রাজ্যে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সেসব নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেস পার্টি হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে ধরাশায়ী হয়।
বিবিসি জানিয়েছে, ১৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ওই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সবগুলো রাজ্যের ভোটগ্রহণ শেষে ৮ ডিসেম্বর থেকে বৈদ্যুতিক যন্ত্রে ভোট গণনা শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৫১ ঘ.
bdnews24