২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে অ্যারোয়োর বিরুদ্ধে অভিশংসনের অভিযোগ দাখিল

ফিলিপাইনের কংগ্রেসে প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোয়োর বিরুদ্ধে সোমবার অভিশংসনের অভিযোগ দাখিল করেছে বিরোধীদলীয় রাজনীতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 10:37 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ম্যানিলা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টর্স) - ফিলিপাইনের কংগ্রেসে প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোয়োর বিরুদ্ধে সোমবার অভিশংসনের অভিযোগ দাখিল করেছে বিরোধীদলীয় রাজনীতিকরা। দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং লোকজনকে অবৈধভাবে আটকে রাখার দায়ে তার বিরুদ্ধে ওই অভিশংসনের অভিযোগ দাখিল করা হয়। অভিযোগ দাখিলকারীদের একজন এক রাজনৈতিক কর্মীর মা। গত ১৮ মাস ধরে নিখোঁজ তার ছেলেকে সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হয়ে থাকে। হাউজ অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ সমর্থন থাকায় অ্যারোয়ো এর আগেও তিনবার অভিশংসনের অভিযোগ থেকে রেহাই পেয়ে যান। গত তিন বছরের প্রতিবছর একটি করে অভিশংসনের অভিযোগ মোকাবেলা করতে হয় তাকে। বিরোধীদলীয় কংগ্রেস সদস্য রোনাল্ডো যামোরা এ অভিশংসনের অভিযোগ সম্পর্কে বলেন,"বিরোধী দলীয় সদস্যদের বাইরে আর কারও মধ্যে এ নিয়ে তেমন কোনো আগ্রহ দেখিনি। এ অবস্থায় আমাদের হয়ত পর্যাপ্ত সমর্থন নাও থাকতে পারে।" বিভিন্ন জনমত জরিপের ফলাফলে দেখা গেছে যে, দেশটির প্রয়াত স্বৈরশাসক ফার্ডিনান্ড মার্কোসের পর থেকে ফিলিপাইনের সবচেয়ে অজনপ্রিয় শাসক অ্যারোয়ো। ২০১০ সালে ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে অ্যারোয়োর। সাংবিধানিক নিষেধাজ্ঞার কারণে তিনি পুনরায় নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬১০ ঘ.