ওয়াশিংটন, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের কংগ্রেস সদস্য এবং প্রখ্যাত মানবাধিকার নেতা জন লিউইস অভিযোগ করেছেন, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন ও তার রানিংমেট সারাহ পেলিন ঘৃণা ও বিভক্তির বীজ বপন করছেন। একইসঙ্গে তিনি মনে করছেন, রিপাবলিকান প্রার্থীদের কর্মকাণ্ড তাকে অ্যালাবামার গভর্নর জর্জ ওয়ালেসের আমলের বিভক্তিবাদের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।
তবে অ্যারিজোর সিনেটর ম্যাককেইন লিউইসের এই মন্তব্যকে দুঃখজনক বলে অভিহিত করেছেন। একইসঙ্গে এ ধরনের লোকজনকে এখুনি ত্যাগ করার জন্য তিনি তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন।
ওবামার প্রাচার বিভাগ থেকে জানানো হয়েছে, প্রচারণার সময় ঘৃণা ছড়ানো বক্তব্যের নিন্দা জানানোর অধিকার লিউইসের আছে । তবে ম্যাককেইন বা তার নির্বাচনী নীতিকে ১৯৬০ এর দশকে অ্যালাবামার গভর্নর ওয়ালেসের বিভক্তিবাদের সঙ্গে তুলনা করা যায় বলে মনে করেন না ইলিনয়ের সিনেটর ওবামা।
ওবামা এবং ম্যাককেইনের নির্বাচনী প্রচারণায় জাতিগত বিষয়টি আগাগোড়া প্রভাব বিস্তার করে আসছে। ওবামা নির্বাচিত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। তবে এই বিষয়টি আগামী ৮ নভেম্বরের নির্বাচনে কতটা প্রভাব ফেলবে তা এখনও পরিস্কার নয়।
লিউইসের মন্তব্যের পর ম্যাককেইনের প্রচারণা থেকে ওবামা শিবিরকে উদ্দেশ্য করে বেশ ক্ষুব্ধ বক্তব্য দেওয়া হচ্ছে। যদিও গত শুক্রবার ম্যাককেইন তার সমর্থকদের আহ্বান জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থীর প্রতি সম্মান দেখানোর।
প্রতিনিধি পরিষদে জর্জিয়া থেকে নির্বাচিত ডেমোক্র্যাটিক দলের সদস্য লিউইস তার ওবেস সাইটে লিখেছেন, "ম্যাককেইন ও তার রানিং মেট পেলিনের নেতিবাচক প্রচারণা কৌশলে আমি খুবই মর্মাহত।
তিনি বলেন, "আমার কাছে এখন মনে হচ্ছে আমরা যুক্তরাষ্ট্রের ইতিহাসে আরেকটি ধ্বংসাত্মক সময়ের মুখোমুখি এসে দাঁড়িয়েছি। ম্যাককেইন ও পেলিন ঘৃণা ও বিভক্তির বীজ ছড়াচ্ছেন। "
তিনি আরও বলেন, "তারা দুজনে আগুন নিয়ে খেলছে এবং সতর্ক না হলে এই আগুন আমাদের সবাইকে গ্রাস করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৫৫ ঘ.
bdnews24