ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সন্ত্রাসে মদদদাতা দেশের কালো তালিকা থেকে বাদ দেওয়ার মার্কিন পদক্ষেপকে স্বাগত জানিয়ে উত্তর কোরিয়া আবারও পরমাণু নিরস্ত্রীকরণ শুরুর উদ্যোগ নিচ্ছে। রোববার উত্তর কোরিয়া বলেছে, তারা প্লুটোনিয়াম উৎপাদনকারী পরমাণু স্থপনা । নিস্ক্রিয় করবে এবং পরিদর্শকদের আবার কাজ করতে দেবে।
উত্তর কোরিয়া দীর্ঘদিন থেকেই যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের কালো তালিকা থেকে বাদ যাওয়ার অপেক্ষায় ছিল। যাতে তারা বিভিন্ন বাণিজ্য নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসতে পারে এবং আন্তর্জাতিক ব্যাংকিং ও আর্থিক খাতে পুরো অংশগ্রহণের মাধ্যমে নিজেদের আর্থিক ব্যবস্থাপনাকে গতিশীল করতে পারে।
উত্তর কোরিয়াকে 'সন্ত্রাসের মদদদাতা' রাষ্ট্রের কালো তালিকা থেকে শনিবার বাদ দিয়েছে ওয়াশিংটন। উত্তর কোরিয়ার কেসিএনএ সংবাদ সংস্থা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, "যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্র"তি রক্ষা করায় উত্তর কোরিয়া ইয়ংবিয়ন পরমাণু স্থাপনা নিস্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে।"
মুখপাত্র আরও বলেন, উত্তর কোরিয়া মার্কিন ও আইএইএ'র অস্ত্র পরিদর্শকদের আবার তাদের দায়িত্ব পালন করতে দেবে।
যুক্তরাষ্ট্রের ইতিবাচক পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়াও এই ইতিবাচক সিদ্ধান্ত জানাল। কিন্তু এশিয়ায় যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দক্ষিণ কোরিয়া মার্কিন পদক্ষেপকে স্বাগত জানালেও জাপান একে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শনিবার নিশ্চিত করে জানান, উত্তর কোরিয়া বিতর্কিত পরমাণু কর্মসূচি পূর্ণ পর্যবেক্ষণের আওতায় আনতে রাজি হওয়ায় এ নিয়ে একটি চুক্তি হয়েছে এবং দেশটিকে ওই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র শ্যন ম্যাককরম্যাক শনিবার ওয়াশিংটনে বলেছেন, উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি পুরোপুরি তদারকির আওতায় আনতে ধারাবাহিক পরিদর্শনে সম্মত হওয়ায় ওই পদক্ষেপ নেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রধান পরমাণু আলোচক কিম সুক রোববার রাজধানী সিউলে এক সংবাদ সম্মেলনে বলেন, "উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধ এবং ছয়জাতি আলোচনা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার সুযোগ হিসেবে এ পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে আমাদের সরকার।"
ওদিকে, জাপানের অর্থমন্ত্রী শোয়িচি নাকাগাওয়া এ পদক্ষেপের সমালোচনা করে ওয়াশিংটনে বলেছেন, "এটা অত্যন্ত দুঃখজনক।"
এক দশকেরও বেশি আগে কয়েকজন জাপানি নাগরিকের অপহরণ নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে জাপানের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। অপহৃত জাপানিদের সর্বশেষ অবস্থা জানাতে এবং তাদের ফিরিয়ে দিতে দেশটিকে চাপের মধ্যে রাখতে চায় জাপান। এ প্রসঙ্গে জাপানের মন্ত্রী বলেন, "আমার মনে হয় অপহরণ অবশ্যই সন্ত্রাসের আওতায় পড়ে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৪০ ঘ.
bdnews24