ওয়াশিংটন, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ছয়জাতি পরমাণু চুক্তি বাঁচাতে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী রাষ্ট্রের কালো তালিকা থেকে শনিবার উত্তর কোরিয়াকে বাদ দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা একথা জানিয়েছেন।
পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানিয়েছেন, উত্তর কোরিয়া প্রতিশ্র"তি দিয়েছে তারা পরমাণু প্রকল্পের কাজ পুনরায় শুরু করবে না। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ উত্তর কোরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্র জানায়, তারা এ মাসেই উত্তর কোরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেবে। বুধবার টোকিওতে উত্তর কোরিয়ার পরমাণু ইস্যু বিষয়ক জাপানের শীর্ষ আলোচক এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সুং কিমের মধ্যে বৈঠকের পর জাপানি বার্তা সংস্থা কিয়োদো ওই খবর জানায়।
উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্পের কাজ পুনরায় শুরু করার হুমকির মুখে ছয়জাতি চুক্তি বাঁচাতে গত মাসের শেষের দিকে দেশটি সফর করেন যুক্তরাষ্ট্রের কূটনীতিক ক্রিস্টোফার হিল।
যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্র"তি রাখেনি-- এই অভিযোগ তুলে উত্তর কোরিয়া চলতি মাসে ছয়জাতি পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয়। দেশটি জানায়, তারা ইয়ংবিয়ন পরমাণু প্রকল্পের কাজ আবার শুরু করতে যাচ্ছে। ছয়জাতি চুক্তির শর্ত অনুযায়ী গত নভেম্বর থেকে পরমাণু প্রকল্পসমূহ ধংস করতে শুরু করেছিল উত্তর কোরিয়া।
পরমাণু প্রকল্পের কাজ পুনরায় শুরু করতে গত সপ্তাহে জাতিসংঘ পর্যবেক্ষকদের বহিস্কার করে উত্তর কোরিয়া। দেশটির কর্মকর্তারা গত বুধবার জানায়, আগামী সপ্তাহ থেকে পরমাণু প্রকল্পের কাজ নতুন করে শুরু করার পরিকল্পনা করা হচ্ছে।
উত্তর কোরিয়া দাবি করেছে, ছয়জাতি চুক্তির শর্ত মোতাবেক যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে তাদের বাদ না দেওয়ায় তারা ইয়ংবিয়ন প্রকল্প ধংস করার কাজ বন্ধ করে দিয়েছে। এখন তারা প্রকল্পটি নতুন করে চালু করবে।
২০০৭ সালের ছয়জাতি চুক্তি অনুযায়ী, উত্তর কোরিয়া তাদের পরমাণু কার্যক্রম বন্ধ ও প্রকল্পসমূহ ধংস করে ফেললে যুক্তরাষ্ট্র তাদের বড় ধরনের জ্বালানি সাহায্যের প্রতিশ্র"তি দেয়। এছাড়া যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে তাদের সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেবে বলে জানায়।
যুক্তরাষ্ট্র, চীন, জাপান, রাশিয়া এবং দক্ষিণ ও উত্তর কোরিয়াকে নিয়ে ছয়জাতি চুক্তি অনুযায়ী ইয়ংবিয়ন প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া।
তবে যুক্তরাষ্ট জানিয়েছে, উত্তর কোরিয়া তাদের সব পরমাণু প্রকল্প বন্ধ করেছে- পর্যবেক্ষকদের মাধ্যমে এটি নিশ্চিত হওয়ার পরেই দেশটিকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৫৫ঘ.
bdnews24