ধর্মশালা, ভারত, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- নয়া দিল্লির একটি হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিব্বতের আধ্মাতিক নেতা দালাই লামার পিত্তথলির পাথর অপসারণ করা হয়েছে। শুক্রবার তার এক সহযোগী জানিয়েছেন, চলতি মাসের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
ভারতের ধর্মশালায় তিব্বত সরকারের প্রবাসী কার্যালয় থেকে তেনজিন তাকালহা বলেন, "তিনি এখন ভাল আছেন। তারপরও আগামী দুএক দিন হাসপাতালে থাকবেন।"
পেটে ব্যাথার কারণে গত আগস্ট মাসে অল্প কয়েক দিনের জন্য মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন দালাই লামা।
তাকালহা জানিয়েছেন, বিশ্রামের জন্য সপ্তাহখানেকের মতো দিল্লিতে থাকতে পারেন দালাই লামা। তিনি বলেন, "ফেরার জন্য তার ব্যস্ততা নেই।"
তিনি আরও বলেন, "আমরা আশা করছি তিনি দায়িত্ব পালনের জন্য চলতি মাসের শেষ নাগাদ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।"
নভেম্বরের প্রথমে দালাই লামার নির্ধারিত জাপান সফরের পরিকল্পনায় কোনো রদবদল হবে না বলে তিনি জানিয়েছেন।
ডাক্তাররা এর আগে তাকে পরামর্শ দিয়েছিল, বেশি দূরের ভ্রমণ এড়িয়ে চলতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৫৫ ঘ.
bdnews24