অসলো, নরওয়ে, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শান্তিতে ২০০৮ সালের নোবেল পুরস্কার পেলেন ফিনল্যাণ্ডের সাবেক প্রেসিডেন্ট মার্টি আহ্তিসারি। ২০০৫ সালে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের বিদ্রোহীদের সঙ্গে সেদেশের সরকারের শান্তিচুক্তিতে মধ্যস্থতাসহ অন্যান্য শান্তি প্রক্রিয়ায় অবদানের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয় বলে জানিয়েছে নোবেল কমিটি।
শুক্রবার নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ পুরস্কার ঘোষণা করা হয়।
পুরস্কারের ঘোষণাপত্রে বলা হয়েছে, "বিভিন্ন মহাদেশে আন্তর্জাতিক সংঘাত নিরসনে তিন দশকেরও বেশি সময় ধরে আহ্তিসারির অবদানের জন্য" তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
১৯৭ জন সম্ভাব্য প্রার্থীর মধ্য থেকে সবার শীর্ষ স্থানটি দখল করে নেন আহ্তিসারি। শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে নগদ ১৪ ডলার পাবেন তিনি।
আহ্তিসারি ১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্ত ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ছিলেন। এর আগে আফ্রিকা থেকে শুরু করে বলকান অঞ্চল পর্যন্ত বিভিন্ন দেশে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। গত বেশ কয়েকবছর ধরেই নোবেল শান্তি পুরস্কারের জন্য সবচেয়ে সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করা হচ্ছিল তাকে।
আগামী ১০ ডিসেম্বর সুইডিশ আবিস্কারক ও মানবদরদী আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে অসলোতে এ শান্তি পুরস্কার প্রদান করা হবে।
২০০৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় জাতিসংঘের 'ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ' বা 'আইপিসিসি' এবং যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আলবার্ট আর্নল্ড আল গোর (জুনিয়র) কে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অবদান রাখার জন্য ওই সংস্থাটি এবং আল গোরকে ওই পুরস্কার দেওয়া হয়।
এর আগে, ২০০৬ সালের শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় যৌথভাবে বাংলাদেশের গ্রামীণ ব্যাংক এবং এর প্রতিষ্ঠাতা অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস-কে। দারিদ্র বিমোচনের মাধ্যমে সমাজ উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়।
ডিনামাইট এর আবিস্কারক আলফ্রেড নোবেলের দান করা তহবিল দিয়ে ১৯০১ সাল থেকে পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য শাখায় নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। এছাড়া, ১৯৬৮ সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু করে। ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর মারা যান আলফ্রেড নোবেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৫০ ঘ.
bdnews24